logo

ইরানে আজ কোনো হামলা হবে না: ট্রাম্প

ওয়াইনেট নিউজ
ওয়াইনেট নিউজ
ইরানে আজ কোনো হামলা হবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ কথা জানালেন তিনি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি আরব দেশগুলো থেকে মার্কিন কূটনীতিক ও সামরিক সদস্যদের সরিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে হামলার আশঙ্কা বাড়ছিল।

রোববার (২৫ অক্টোবর) হোয়াইট হাউস থেকে মিশিগানের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট সেই আশঙ্কা পুরোপুরি নাকচ করে বলছেন, ‘আজ (রোববার) ইরানের ওপর কোনো হামলা হবে না।’ বাংলাদেশে রোববার পেরিয়ে সোমবার চলে এলেও; যুক্তরাষ্ট্রে এখনো রোববার চলছে।

আগেরদিন শনিবার নতুন করে ট্রাম্প হামলার ইঙ্গিত দেওয়ার পর আশঙ্কা তৈরি হয় যে কোনো সময় যুদ্ধ বেধে যাবে। এমন অবস্থায় এক সাংবাদিক তাকে এ নিয়ে জিজ্ঞেস করেন। জবাবে তিনি বলেন, ‘আপনাকে কী আমি এই কথা বলব?’ পরক্ষণেই তিনি বলেন, ‘‘উত্তরটি হলো ‘না’। আজ কোনো হামলা হবে ন।”

এদিকে ট্রাম্পের হুমকির পর ইরানও নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছিল। দেশটি বলেছে, নতুন করে যদি যুদ্ধ শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যের বেসামরিক স্থাপনা থেকে শুরু করে সবকিছুতে হামলা চালানো হবে।

ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরুর বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দাবি পুনর্ব্যক্ত করার এক দিন পর ট্রাম্প এ মন্তব্য করেন। রোববার তেল আবিবে পারমাণবিক বোমা হামলার একটি সিমুলেশনও প্রকাশ করেন নেতানিয়াহু।

তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের বিষয়টি নাকচ করেছেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, আগে মার্কিন বাহিনীর বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে তেমন কোনো তৎপরতা নেই।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরান ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে কি না এবং স্যাটেলাইট চিত্রে কী দেখা যাচ্ছে। জবাবে তিনি বলেন, ওয়াশিংটনের ব্যাপক নজরদারির সক্ষমতা রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা মহাকাশ থেকেও কারও শার্টের ব্যাজ পড়তে পারি। পিক্যাক্স মাউন্টেনে ঠিক কী ঘটছে, তা আমরা জানি। আমরা জানি, অন্য তিনটি স্থাপনা নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা সেখানে খুব একটা ঘোরাফেরা করছে না।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের ওপর নজর রাখছি। আমরা যেসব স্থাপনায় বোমা ফেলেছি, তার প্রতিটিতেই আমাদের প্রবেশাধিকার আছে। সেগুলো হাজার হাজার টন পাথর দিয়ে ঢাকা রয়েছে।’