logo

কানাডায় সাংবাদিকদের ফেলোশিপের সুযোগ, পাবেন সাড়ে ৪ লাখ টাকা

কানাডায় সাংবাদিকদের ফেলোশিপের সুযোগ, পাবেন সাড়ে ৪ লাখ টাকা
বাংলাদেশের রাজধানী ঢাকায় ২০২৫ সালে একটি প্রতিবাদ সমাবেশে ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন সাংবাদিকরা। ছবি: গেটি ইমেজেস

আপনি কি অভিবাসন, রাজনীতি, সামাজিক সমস্যা, বৈশ্বিক বিষয়াবলি বা অর্থনীতি নিয়ে কাজ করা একজন অভিজ্ঞ সাংবাদিক? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুযোগ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের জন্য এক মাসের আবাসিক ফেলোশিপের সুযোগ দিচ্ছে কানাডার টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি (টিএমইউ)। যাতায়াত, থাকা-খাওয়াসহ অন্যান্য খরচ বাবদ দেওয়া হবে সর্বোচ্চ পাঁচ হাজার কানাডীয় ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার লাখ টাকা।

বিশ্ববিদ্যালয়টির গ্লোবাল মাইগ্রেশন ইনস্টিটিউট ও ব্রিজিং ডিভাইডস জার্নালিজম ফেলোশিপ যোগ্য কর্মরত ও ফ্রিল্যান্স সাংবাদিকদের এই গবেষণাভিত্তিক রেসিডেন্সি কর্মসূচিতে আবেদন করার আমন্ত্রণ জানিয়েছে। এর মাধ্যমে অভিবাসন ও সামাজিক সংহতি বিষয়ে গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি পেশাগত দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন নির্বাচিত সাংবাদিকেরা।

এই ফেলোশিপের মাধ্যমে সাংবাদিকরা শীর্ষস্থানীয় গবেষকদের সঙ্গে কাজ করার, অভিবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অনুসন্ধান করার এবং গবেষণাভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি বিশেষায়িত গবেষণার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের প্রতিবেদনকে আরও তথ্যসমৃদ্ধ ও গভীরতর করতে পারবেন।

কারা আবেদন করতে পারবেন

কানাডার এই ফেলোশিপে পূর্ণকালীন ও ফ্রিল্যান্স সাংবাদিকেরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অভিবাসন, রাজনীতি, সামাজিক সমস্যা, বৈশ্বিক বিষয়াবলি বা অর্থনীতি নিয়ে কাজের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিবাসন বিষয়ে গভীরতর বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে নিজেদের সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করতে আগ্রহীদের জন্য এ কর্মসূচি তৈরি করা হয়েছে।

নিউজরুমের ব্যস্ততা থেকে বেরিয়ে নিবিড়ভাবে শেখা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন নির্বাচিত সাংবাদিকেরা। রেসিডেন্সি চলাকালে তারা গবেষকদের সঙ্গে নিজেদের সাংবাদিকতার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ভাগ করে নিতে পারবেন। পাশাপাশি গবেষণালব্ধ তথ্য কীভাবে কার্যকরভাবে গণমাধ্যমে তুলে ধরা যায়, সে বিষয়ে পরামর্শ দেওয়ার সুযোগও থাকবে।

এ ছাড়াও আন্তর্জাতিক পরিসরের জটিল বিষয়গুলো নিয়ে করা কাজের নমুনা জমা দিতে হবে। আবেদনে অভিবাসন বিষয়ে নিজেদের বিশেষ আগ্রহের ক্ষেত্রগুলোও উল্লেখ করতে হবে। তবে এই রেসিডেন্সিতে অংশ নেওয়ার জন্য টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা নেই।

আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইন পোর্টালের মাধ্যমে আগামী ১ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০ টার মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সর্বোচ্চ চার পৃষ্ঠার জীবনবৃত্তান্ত বা সিভি এবং সর্বোচ্চ দুই পৃষ্ঠার কভার লেটার জমা দিতে হবে।

কভার লেটারে রেসিডেন্সিতে অংশ নেওয়ার উদ্দেশ্য ও এটি একজন সাংবাদিক হিসেবে আবেদনকারীর কাজকে কীভাবে সমৃদ্ধ করবে, তা ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি আবেদনকারীর কাজ গ্লোবাল মাইগ্রেশন ইনস্টিটিউটের গবেষণার বিষয়বস্তু ও চলমান প্রকল্প অথবা ‘ব্রিজিং ডিভাইডস’-এর গবেষণার বিষয়বস্তু এবং চলমান প্রকল্পের সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা তুলে ধরতে হবে।

রেসিডেন্সি চলাকালে সম্ভাব্য কার্যক্রমের বিবরণও দিতে হবে। এর মধ্যে মাঠপর্যায়ে গবেষণা, গণমাধ্যমবিষয়ক প্রশিক্ষণ, নিজস্ব গবেষণা প্রকল্প নিয়ে কর্মশালা আয়োজন এবং স্থানীয় সংস্থা বা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পরিকল্পনা থাকতে পারে।

এ ছাড়া গ্লোবাল মাইগ্রেশন ইনস্টিটিউট বা ব্রিজিং ডিভাইডসের গবেষণা দলের যে সদস্যের সঙ্গে কাজ করতে আগ্রহী, তার নাম উল্লেখ করতে হবে। ওই গবেষক একাডেমিক হোস্ট বা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় পছন্দ জানাতে হবে।

তবে আনা ট্রায়ানডাফিলিডু (Anna Triandafyllidou) একাডেমিক হোস্ট হতে পারবেন না। সংশ্লিষ্ট গবেষকের প্রাপ্যতা ও প্রশাসনের সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত হোস্ট নির্ধারণ করা হবে।

আবেদনকারীকে রেসিডেন্সিতে অংশ নেওয়ার সম্ভাব্য তারিখও জানাতে হবে। অবস্থানকাল ২০২৭ সালের ১ মার্চ থেকে ৩০ নভেম্বরের মধ্যে হতে হবে। তবে জুলাই ও আগস্ট মাস বাদ দিয়ে টানা ২০ থেকে ৩৫ দিনের জন্য এ কর্মসূচিতে অংশ নেওয়া যাবে।

অতিরিক্ত নথিপত্র

আবেদনের সঙ্গে প্রাসঙ্গিক কাজের দুই থেকে তিনটি নমুনা জমা দিতে হবে। লিখিত নমুনা পিডিএফ (পিডিএফ) ফরম্যাটে আপলোড করতে হবে। অন্যান্য ডিজিটাল কনটেন্টের ক্ষেত্রে লিংক দিতে হবে।

এ ছাড়া আবেদনকারীর কাজ প্রকাশ বা প্রচার করেছে, এমন কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের সুপারভাইজার বা সম্পাদকের কাছ থেকে সুপারিশপত্র জমা দেওয়া যাবে। তবে এটি বাধ্যতামূলক নয়।

নির্বাচিত প্রার্থীদের ২০২৭ সালের জানুয়ারিতে ফল জানানো হবে। আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।