logo

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

এনডিটিভি
এনডিটিভি
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথনে অংশ নেন মহারাষ্ট্রের রমাবাই রণবীর। ছবি: টাইমস অব ইন্ডিয়া

সন্তানদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার তাগিদ ও মায়ের দৃঢ় সংকল্পের এক অনন্য নজির স্থাপন করেছেন ভারতের মহারাষ্ট্রের বীড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই রণবীর। সাধারণ শাড়ি পরে ও খালি পায়ে দৌড়ে ৪৭ বছর বয়সী এই নারী একটি ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

Advertisement

অথচ এই প্রতিযোগিতায় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আধুনিক স্পোর্টস শু ও ট্র্যাক স্যুট পরিহিত বেশ কয়েকজন তরুণ প্রতিযোগী। ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজিত ‘অমৃত দৌড়’ শিরোনামের এই ম্যারাথনটিতে জয়ী হয়ে তিনি ৩ হাজার রুপি নগদ অর্থ পুরস্কার পেয়েছেন।

রমাবাই জানিয়েছেন, এই অর্থ তিনি তার মেয়ের পড়াশোনায় খরচ করবেন। আম্বাজোগাই শহরের ছত্রপতি শিবাজী মহারাজ চক থেকে শুরু হয়ে ম্যারাথনটি ভাগ্যনগর চকে গিয়ে শেষ হয়। এই ম্যারাগনে অংশ নিয়েছিলেন স্থানীয় বহু তরুণ-তরুণীরা।

প্রতিযোগিতার দিন একটি সাধারণ শাড়ি ও পায়ে জুতা পড়ে একজন প্রতিযোগী হিসেবেই অনুষ্ঠানে এসেছিলেন রমাবাই। তিনি যে জয়ী হবেন, শুরু থেকে তার কোনো স্পষ্ট পূর্বাভাস ছিল না। তবে দৌড় শুরু হওয়ার পর পায়ে থাকা জুতা পিছলে তার গতি কমে আসতে থাকলে তিনি বিন্দুমাত্র থামেননি। বরং জুতাজোড়া হাতে খুলে নিয়ে খালি পায়েই লক্ষ্যের দিকে ছুটতে থাকেন।

রাস্তার নুড়ি-পাথর, শক্ত পিচ এবং শাড়ি সামলানোর মতো নানান শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন রমাবাই। তার এই অনমনীয় মানসিকতা ও গতির সামনে একে একে পেছনে পড়ে যান জুতো ও স্পোর্টস পোশাক পরিহিত প্রতিযোগীরা। শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করে তিনিই প্রথম ফিনিশ লাইন স্পর্শ করেন।

নগদ ৩ হাজার রুপির পুরষ্কার হাতে পেয়ে রমাবাই জানান, মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়াই ছিল তার মূল চালিকাশক্তি। তার এই সংগ্রাম ও অভাবনীয় জয় ম্যারাথনের আয়োজক ও উপস্থিত দর্শকদের মাঝে এক আবেগঘন পরিবেশ তৈরি করে।

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা