logo

সৌদিতে নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রু নিহত

রয়টার্স
রয়টার্স
সৌদিতে নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রু নিহত
ভয়েস অভ এমিরেটস থেকে নেওয়া পুরোনো ছবি

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরানে নজরদারি চালানোর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। কারিগরি ত্রুটির কারণে এএইচ-৬আই গোয়েন্দা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি আজ রোববার (১৮ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, যেখানে এএইচ-৬আই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটি সৌদি ন্যাশনাল গার্ডের আওতাধীন এলাকায় পড়েছে। আর এ ঘটনায় হেলিকপ্টারের দুজন ক্রু নিহত হয়েছেন।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে গতকাল এক বিবৃতিতে দাবি করেন, তাদের যোদ্ধারা সৌদি আরবের নাজরানে একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত করেছেন। যেটি তাদের ওপর হামলা চালাচ্ছিল।

ইয়াহিয়া সারের এ দাবির প্রায় এক দিন পর সৌদি আরব জানাল তাদের একটি নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যদিও তারা এর কারণ উল্লেখ করেনি।

সৌদি জোটের মুখপাত্র হুতি মুখপাত্রের অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের দাবির জবাব দিয়েছেন। তিনি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি প্রকাশ করে বলেছেন, ‘আপনি দাবি করেছেন আপনারা অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন। কিন্তু এটি শিগগিরই যুদ্ধে যুক্ত হবে।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ-পশ্চিমের নাজরান অঞ্চলটি ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইয়েমেনভিত্তিক এই বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে লড়াই তীব্রতর হওয়ার পাশাপাশি ইয়েমেনের এই সংঘাত যেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার লড়াইয়ের আরেকটি ফ্রন্টে রূপ নিয়েছে।