logo

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৫৩ জনের মৃত্যু, ৪০ জনই শিশু

রয়টার্স
নাইজেরিয়ায় নৌকা ডুবে ৫৩ জনের মৃত্যু, ৪০ জনই শিশু
নদী থেকে মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তরের জন্য সারিবদ্ধ করে রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে গিয়ে অন্তত ৫৩ জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে অধিকাংশই শিশু। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) গোরোনিও স্থানীয় সরকারের আওতাধীন গোরাউ এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

Advertisement

জাতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল কাদির ইউসুফ ঘটনাটি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত নদী থেকে প্রায় ৪০টি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোকোতো রাজ্য বিধানসভার প্রতিনিধি নাসিরু আদামু জানান, নৌকাটিতে থাকা যাত্রীদের বেশির ভাগেরই বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী শারহাবিলু কিলিয়া জানান, এ পর্যন্ত অন্তত ৫৩ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে এবং একটি কমিউনিটি মসজিদের সামনে অনেকগুলো সারিবদ্ধ মরদেহ দাফনের প্রস্তুত করা হয়েছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত নৌকাটিতে মূলত ধানের জমিতে কাজ করতে যাওয়া কৃষক ও কৃষি শ্রমিকরা ছিলেন। ডুবে যাওয়ার মুহূর্তে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি, অর্থাৎ প্রায় ৫৭ থেকে ৭০ জনের মতো যাত্রী তাতে গাদাগাদি করে চড়েছিলেন।

দুর্ঘটনাটি খতিয়ে দেখতে ও সার্বিক ত্রাণ কার্যক্রম তদারকি করতে রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এসইএমএ) টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

নাইজেরিয়ায় দুর্বল রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত যাত্রী বহন এবং নিরাপত্তা বিধিমালার শিথিলতার কারণে বর্ষাকালে প্রায়ই প্রাণঘাতী নৌকা দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও দেশটির উত্তর-পূর্ব ইয়োবে রাজ্যে একটি ফুটো নৌকা ডুবে অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছিল।

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৫৩ জনের মৃত্যু, ৪০ জনই শিশু