পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের ওপর বিধানসভায় বিল আনার উদ্যোগ বিজেপির

ভারতের পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন না করে সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ রাখার দাবিতে ফের উদ্যোগী হয়েছে রাজ্যটির ক্ষমতাসীন দল বিজেপি। আগামী বিধানসভা অধিবেশনেই এ বিষয়ে একটি বিল আনা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
মঙ্গলবার (৬ অক্টোবর) জলপাইগুড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শমীক ভট্টাচার্য বলেন, আসন্ন শীতকালীন অধিবেশনে সর্বসম্মতিক্রমে ‘পশ্চিমবঙ্গ’ নাম বজায় রাখার প্রস্তাব পাস করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরপর বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
শমীকের দাবি, পশ্চিমবঙ্গের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’, ‘পশ্চিমবাঙ্গলা’ কিংবা শুধু ‘বাংলা’ করার যে উদ্যোগ অতীতে নেওয়া হয়েছিল, তা সাধারণ মানুষের সমর্থন পায়নি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের নাম নিয়ে তাদের এই দাবি দীর্ঘদিনের এবং এর ঐতিহাসিক ভিত্তি রয়েছে।
রাজ্যের নামের ইতিহাস তুলে ধরে বিজেপির এই নেতা বলেন, ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলা বিভক্ত হওয়ার পর বাঙালি হিন্দুদের জন্য একটি পৃথক ও নিরাপদ আবাসভূমি হিসেবে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়। সেই ঐতিহাসিক পরিচয় ধরে রাখতেই ‘পশ্চিমবঙ্গ’ নামটি বহাল রাখার পক্ষে তারা।
শমীক আরও জানান, এর আগে রাজ্যসভায়ও বিষয়টি তোলার চেষ্টা করা হয়েছিল। তখন বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও বর্তমানে তাদের পক্ষে জনসমর্থন রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়টি নতুন নয়। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার এর আগে সব ভাষায় রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব বিধানসভায় পাস করেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। বিজেপিও শুরু থেকেই ওই নাম পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতা করে আসছে।
এবার বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ’ নাম বহাল রাখার নতুন বিল আনার উদ্যোগ সেই পুরোনো বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।
