ভারতে পাঁচ তারকা হোটেলে সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় (৩০ অক্টোবর) শহরের বিলাসবহুল কনরাড হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের একজন জার্মান এবং অন্যজন স্লোভাকিয়ার নাগরিক। তারা দুজনই ওই হোটেলে অবস্থান করছিলেন।
নিহত জার্মান নাগরিকের নাম আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭)। তিনি লুফথানসা এয়ারলাইনসের ক্রু সদস্য ছিলেন। অন্যদিকে, স্লোভাকিয়ার নাগরিক জুরাজ হরভাতের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
এ ঘটনায় হোটেলে অবস্থানরত ৪১ বছর বয়সি এক মার্কিন নাগরিক ম্যাথিউ ডেসান্টিস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। এ ছাড়া বিদেশি দুই নাগরিককে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আহত হন হোটেলের ভারতীয় সুইমিংপুল পরিচারক রাহুল তিওয়ারি (২৮)।
আহত দুজনকে মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
প্রাথমিক অভিযোগ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় হোটেলের তৃতীয় তলায় অবস্থিত সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দুই বিদেশি। অভিযোগে বলা হয়েছে, পুল থেকে বের হওয়ার চেষ্টা করার সময় তারা বিদ্যুতের সংস্পর্শে আসেন এবং পরে পানিতে ডুবে মারা যান।
জার্মান নাগরিক আলেকজান্ডারের স্ত্রী সিলভিয়া ওটাওয়া এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযোগে সুইমিংপুলের যথাযথ রক্ষণাবেক্ষণে হোটেল কর্তৃপক্ষের অবহেলার কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এক বিবৃতিতে কনরাড হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং স্থানীয় কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে তা নির্ধারণ করা হবে। তদন্তে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
এদিকে, শনিবার সকালে হোটেলটির ওয়েবসাইটে জানানো হয়, রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সুইমিংপুল বন্ধ থাকবে।
হিলটন গ্রুপের অন্তর্ভুক্ত কনরাড বেঙ্গালুরু একটি ২৪ তলাবিশিষ্ট বিলাসবহুল পাঁচ তারকা হোটেল। সেখানে একটি সাধারণ কক্ষের প্রতি রাতের ভাড়া অন্তত ২৫ হাজার রুপি।
ঘটনাটি ঘিরে হোটেলের সুইমিংপুলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় কার, তা নিশ্চিত হওয়া যায়নি।
