logo

ইসরায়েলের শেয়ারবাজারে বড় দরপতন, কমেছে মুদ্রার মান

টাইমস অব ইসরায়েল
ইসরায়েলের শেয়ারবাজারে বড় দরপতন, কমেছে মুদ্রার মান
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

ইসরায়েলে নির্বাচনের ফলাফল প্রকাশের মধ্যে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনা তীব্র হচ্ছে। এর ফলে জোরালো হচ্ছে দেশটিতে সরকার গঠন নিয়ে সাংবিধানিক অচলাবস্থার শঙ্কাও। সরকার গঠনের অনিশ্চয়তা দেখা দেওয়ায় দেশটি শেয়ারবাজারেও প্রভাব পড়েছে।

বুধবার (২৮ অক্টোবর) তেল আবিব স্টক এক্সেচেঞ্জে শেয়ারের বড় দরপতনের পাশাপাশি মার্কিন ডলারের বিপরীরে দুর্বল হয়েছে ইসরায়েলি মুদ্রা শেকেল।

নতুন সরকারের কাঠামো এবং ভবিষ্যত অর্থনৈতিক নীতি কোন দিকে যাবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তেল আবিব স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক ‘টিএ-১২৫’ ১.৭ শতাংশ কমেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

একই সময়ে ইসরায়েলের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর শেয়ার নিয়ে গঠিত সূচক ‘টিএ-৩৫’ কমেছে ১ দশমিক ৫ শতাংশ। ‘টিএ-৯০’ সূচক কমেছে ৩ শতাংশ। এই সূচকে ‘টিএ-৩৫’-এর অন্তর্ভুক্ত নয়, এমন সর্বোচ্চ বাজার মূলধনবিশিষ্ট কোম্পানিগুলোর শেয়ার রয়েছে। এ ছাড়া ‘টিএ-ইনস্যুরেন্স’ সূচক কমেছে ৪ দশমিক ১ শতাংশ।

মার্কিন ডলারের বিপরীতে শেকেলের মান কমেছে ১ শতাংশ। বর্তমানে ১ ডলারের বিনিময়মূল্য প্রায় ৩ দশমিক ০৮৪৩ শেকেল।

মিজরাহি তেফাহোত ব্যাংকের প্রধান বাজার অর্থনীতিবিদ রোনেন মেনাহেম টাইমস অব ইসরায়েলকে বলেন, ‘নির্বাচনের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের মধ্যে রাজনৈতিক অনিশ্চয়তা কাজ করছে। পরবর্তী সরকারের কাঠামো কেমন হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীরা এমন একটি স্থিতিশীল জোট সরকার দেখতে চাইবেন, যারা কার্যকর আর্থিক নীতি প্রণয়ন করতে পারবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক বাজেটের অগ্রাধিকার নির্ধারণ করতে সক্ষম হবে।’