বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যে শুরু কপ-৩১ সম্মেলন

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। তবে অর্থায়নের সংকট, জ্বালানির বাজারে অস্থিরতা এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এ বিষয়ে বৈশ্বিক ঐকমত্য গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে আজ সোমবার (৯ নভেম্বর) তুরস্কে শুরু হচ্ছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ার একটি বিশাল প্রদর্শনী কেন্দ্রে দুই সপ্তাহ ধরে চলবে এবারের সম্মেলন। এতে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিসহ এক লাখের বেশি মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মেলনে জ্বালানি ব্যবস্থার পরিবর্তন ত্বরান্বিত করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হবে।
তবে পর্যবেক্ষকদের আশঙ্কা, এবারের সম্মেলন থেকে বড় কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা সীমিত। বিশ্ববাজারে জ্বালানির দামের অস্থিরতা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার চলমান সংঘাত আন্তর্জাতিক সহযোগিতাকে জটিল করে তুলেছে।
এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবও ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। চলতি বছর ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ, ইন্দোনেশিয়ায় দাবানল এবং নেপালে হিমবাহ ধসের কারণে বন্যার মতো দুর্যোগ দেখা দিয়েছে।
বছরের শেষ দিকে শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হয়ে চরম পর্যায়ে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এতে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকি ২০২৬ কিংবা ২০২৭ সাল ইতিহাসের উষ্ণতম বছরগুলোর রেকর্ড ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত সেপ্টেম্বরে জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, বৈশ্বিক তাপমাত্রা শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়ার ঝুঁকি রয়েছে। এতে প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত তাপমাত্রা বৃদ্ধির সীমা ধরে রাখার লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।
ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টসের জলবায়ু কর্মসূচির পরিচালক র্যাচেল ক্লিটাস বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে হবে। বর্তমান জ্বালানি ব্যয়ের সংকটও এ পরিবর্তনের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে তুলেছে।
পরিচ্ছন্ন জ্বালানি নিয়ে মতবিরোধের আশঙ্কা
এবারের সম্মেলনে সভাপতিত্ব করছে তুরস্ক। তবে আলোচনার নেতৃত্বে রয়েছে অস্ট্রেলিয়া। সম্মেলনের আয়োজক দেশ নির্ধারণ নিয়ে বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে দুই দেশের মধ্যে এই ব্যতিক্রমী সমঝোতা হয়েছে।
তুরস্ক ও অস্ট্রেলিয়া এবারের সম্মেলনকে ‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে তুলে ধরছে। অর্থাৎ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতীতে দেওয়া প্রতিশ্রুতিগুলোকে বাস্তব কর্মসূচিতে রূপ দেওয়াই হবে মূল লক্ষ্য।
আনুষ্ঠানিক আলোচনার বাইরে তুরস্ক একটি কর্মপরিকল্পনাও এগিয়ে নিচ্ছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত বিভিন্ন খাতে দেশগুলোকে স্বেচ্ছামূলক অঙ্গীকার করার আহ্বান জানানো হচ্ছে।
এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য বিশ্বব্যাপী বিদ্যুতের ব্যবহার বাড়ানো। বর্তমানে বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণ হয়। ২০৩৫ সালের মধ্যে এ হার ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি এর উৎপাদন কতটা পরিবেশবান্ধব হবে, তা নিয়ে মতপার্থক্য দেখা দিতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পরিচ্ছন্ন বিদ্যুতায়নের ওপর জোর দিচ্ছে। অন্যদিকে, তুরস্কের পরিকল্পনায় জীবাশ্ম জ্বালানির ভূমিকা কী থাকবে, তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে ঐতিহাসিক অঙ্গীকার করেছিলেন বিশ্বনেতারা। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি।
সর্বশেষ কপ-৩০ সম্মেলনেও জীবাশ্ম জ্বালানির বিষয়ে সরাসরি কোনো উল্লেখ ছাড়াই চুক্তি চূড়ান্ত হয়। তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির কারণে এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। পরে ব্রাজিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে একটি স্বেচ্ছামূলক পথনকশা তৈরি করে। এতে দেশগুলোকে নিজেদের পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
জলবায়ু অর্থায়ন নিয়ে বাড়ছে চাপ
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচ্য হয়ে উঠতে পারে।
বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত দেশগুলোর কাছে পূর্বঘোষিত অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের দাবি জানাচ্ছে উন্নয়নশীল দেশগুলো। তবে ইইউর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে অতিরিক্ত অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক সমর্থন পাওয়া কঠিন হতে পারে।
আফ্রিকার দেশগুলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বরাদ্দ অর্থ তিন গুণ করার দাবি জানিয়েছে। এই অর্থ দিয়ে দরিদ্র দেশগুলো উপকূলীয় এলাকায় সমুদ্রের পানি ঠেকাতে বাঁধ নির্মাণ, খরা সহনশীল ফসলের চাষ এবং অন্যান্য অভিযোজনমূলক উদ্যোগ নিতে পারবে।
সম্মেলনে নেই যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদল
এবারের জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিও আলোচনায় প্রভাব ফেলতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। পাশাপাশি কপ-৩১ সম্মেলনে অংশ নিতে দেশটির কোনো সরকারি প্রতিনিধিদল পাঠানো হয়নি।
তবে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধিদল আন্তালিয়ায় অংশ নেবে বলে জানা গেছে। সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনে সাফল্যের পর ডেমোক্র্যাট প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে।
দুই সপ্তাহের কঠিন আলোচনা সামনে থাকলেও সম্মেলনের প্রাথমিক পরিবেশকে আশাব্যঞ্জক বলে মনে করছেন আজারবাইজানের প্রধান আলোচক ইয়ালচিন রাফিয়েভ। এএফপিকে তিনি বলেন, আলোচনার পরিবেশ বেশ ভালো।
তবে তাঁর মতে, এই ইতিবাচক পরিবেশকে শেষ পর্যন্ত বাস্তবসম্মত ও কার্যকর সিদ্ধান্তে রূপ দিতে হবে।

