ফ্রান্স সফরে সৌদি যুববরাজ, এলসি প্রাসাদে স্বাগত জানাবেন মাখোঁ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান দুই দিনের সরকারি সফরে ফ্রান্সে যাচ্ছেন। রোববার (২৩ আগস্ট) তার এই সফরকে ঘিরে প্যারিসের এলিসি প্রাসাদে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নিজেই সৌদি যুবরাজকে স্বাগত জানাবেন।
সৌদি রয়্যাল কোর্টের তথ্য অনুযায়ী, মোহাম্মদ বিন সালমান শুক্রবার সৌদি আরব থেকে ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছেন। প্রেসিডেন্ট মাখোঁর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ২৩ ও ২৪ আগস্ট প্যারিসে অবস্থানকালে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এবারের সফরে বিশেষ গুরুত্ব পাবে সৌদি-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব। প্রথমবারের মতো দুই দেশের ফ্রান্স-সৌদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল-এর বৈঠকও অনুষ্ঠিত হবে। অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয় আলোচনায় আসতে পারে।
আঞ্চলিক পরিস্থিতিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, লেবানন ও সিরিয়ার পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ম্যাক্রোঁ ও মোহাম্মদ বিন সালমান মতবিনিময় করবেন বলে ফরাসি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
সফরের আরেকটি উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে প্যারিসে অনুষ্ঠিত ইস্পোটর্স ওয়ার্ল্ড কাপ-এর সমাপনী অনুষ্ঠান। রোববার সৌদি যুবরাজ ও ফরাসি প্রেসিডেন্ট উভয়েই এতে অংশ নেবেন। সৌদি আরবের বাইরে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক ই-স্পোর্টস আয়োজন প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, মোহাম্মদ বিন সালমান এর আগে ২০২২ ও ২০২৩ সালে প্যারিস সফর করেছেন। ফলে এবারের সফর তার প্রথম ফ্রান্স সফর নয়, তবে নতুন করে দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্যারিসে রোববার সৌদি যুবরাজকে ঘিরে ফরাসি প্রেসিডেন্টের আনুষ্ঠানিক অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হবে দুই দিনের এই গুরুত্বপূর্ণ সফর। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় সৌদি আরব ও ফ্রান্সের ঘনিষ্ঠ সমন্বয়ের বার্তাই এই সফরের অন্যতম প্রধান দিক হয়ে উঠতে পারে।

