logo

এক হাজার বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা, ভূমিকম্পে কাঁপল লেবানন

বিবিসি
বিবিসি
এক হাজার বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা, ভূমিকম্পে কাঁপল লেবানন
ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর তৈরি এক মাইলেরও বেশি দীর্ঘ সুড়ঙ্গ উড়িয়ে দিয়েছে। ছবি: বিবিসি

দক্ষিণ লেবাননের ‘আলি তাহের’ শৈলশিরা অঞ্চলে হিজবুল্লাহর ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করতে শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা জানিয়েছে, প্রায় ২ কিলোমিটার দীর্ঘ দুটি সুড়ঙ্গ ধ্বংস করতে ১ হাজার টনেরও বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসরায়েলের ওই হামলার তীব্রতায় লেবাননে ৪ দশমিক ১ মাত্রা ভূমিকম্পের সমতুল্য কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

আইডিএফ প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর আকাশে এক বিশালাকার অগ্নিকুণ্ড জ্বলে ওঠে। শৈলশিরাটির ছয় কিলোমিটার পশ্চিমে অবস্থিত নাবাতিয়েহ শহরের অধিবাসী এবং ৪০ কিলোমিটার উত্তরের সাইদা শহরের বাসিন্দারা প্রচণ্ড কম্পন অনুভব করেন।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর পুরো এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্কে সাধারণ মানুষ ও শিশুরা বৈরুতের দিকে পালাতে শুরু করে। মানুষের হুড়োহুড়ির কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, ভূগর্ভস্থ এই অবকাঠামোটির মধ্যে হিজবুল্লাহর ‘বদর ইউনিট’ পরিচালিত একটি কমান্ড সেন্টার ছিল। সেখানে পাওয়া গেছে প্রচুর রকেট, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ট্যাংক-বিধ্বংসী অস্ত্র ও বিপুল পরিমাণ মাইন।

দুই দশক ধরে ইরানের অর্থায়ন ও পরিকল্পনায় নির্মিত কৌশলগত এই ঘাঁটিটি ধ্বংসের মাধ্যমে ওই এলাকায় তাদের কাঙ্ক্ষিত ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার অভিযান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

গত মার্চ মাসে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর গত সপ্তাহে শৈলশিরাটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি সামরিক বাহিনী। পরবর্তীতে জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও লেবাননের প্রায় ৫ শতাংশ ভূখণ্ড বর্তমানে ইসরায়েলি দখলেই রয়ে গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এই সংঘাতে এ পর্যন্ত অন্তত ৪ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৯৫ জন নারী ও ২৫৯ জন শিশু রয়েছে। অন্যদিকে ৪০ জন সৈন্য ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েল।