মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্বর্ণখনিতে ভূমিধসে নিহত ১০৭

পশ্চিম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) ক্যামেরুন সীমান্তের কাছে জাম্বোইয়ের একটি স্বর্ণখনিতে ভয়াবহ ভূমিধসে শতাধিক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে এবং ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত অন্তত ১০৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে বিবিসি-কে নিশ্চিত করেছেন ক্যামেরুন সীমান্তবর্তী শহর গারুয়া-বুলাইয়ের মেয়র আদামু আবদোন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, খনি এলাকায় জমে থাকা একদল মানুষের ওপর মাটি ধসে পড়ছে এবং উপস্থিত খনি শ্রমিকরা প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্য তুলে ধরে বার্তা সংস্থা এএফপি জানায়, প্রাথমিক ধসের সময় অনেকেই ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকা পড়েন। খনি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সিএআর-এর বাবোয়া শহরের হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ক্যামেরুনের পূর্বাঞ্চলীয় গভর্নর গ্রেগোয়ার মভোঙ্গো জানান, নিহতদের মধ্যে অন্তত তিনজন ক্যামেরুনের নাগরিক রয়েছেন। তাদের মরদেহ দাফনের জন্য দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
প্রাথমিক তদন্ত ও বাবোয়ার সরকারি কৌঁসুলির বিবরণ অনুযায়ী, অপরিকল্পিতভাবে খনি শ্রমিকদের খোঁড়া কয়েকটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধসে পড়াতেই এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে।
আফ্রিকা মহাদেশের এ অঞ্চলটিতে হস্তশিল্পভিত্তিক বা প্রথাগত পদ্ধতিতে খনিজ উত্তোলন হাজার হাজার পরিবারের আয়ের মূল উৎস হলেও কাজের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ অত্যন্ত নাজুক।
সঠিক সুরক্ষা ব্যবস্থার অভাব ও প্রবল বর্ষণে মাটির স্থায়িত্ব কমে যাওয়ার কারণে এ ধরনের মরণফাঁদ ও ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।

