এআই দিয়ে বানানো ওয়েবসাইটে ১৭০ ইসরায়েলি সেনার তথ্য ফাঁস

সামরিক বাহিনীর বিভিন্ন সংবেদনশীল নথি ও সক্রিয় সেনাসদস্যদের ব্যক্তিগত তথ্য নিরাপদে সংরক্ষণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ওয়েবসাইট বানিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে সেসব সংবেদনশীল তথ্য অনলাইনে ফাঁস হয়ে গেছে।
রোববার (২৩ আগস্ট) প্রকাশিত হিব্রু সংবাদমাধ্যম হারেৎসের প্রযুক্তি ও বাণিজ্যবিষয়ক প্ল্যাটফর্ম দ্য মার্কারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রায় ১৭০ জন সক্রিয় সেনাসদস্যের ব্যক্তিগত তথ্য এবং সামরিক বাহিনীর নানা গোপনীয় নথি এআই দিয়ে তৈরি ওই ওয়েবসাইটে প্রকাশ্যে চলে আসে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও প্রায় এক সপ্তাহ ধরে কোনো সুরক্ষামূলক ব্যবস্থা নেয়নি আইডিএফ।
প্রতিবেদন অনুযায়ী, আইডিএফের একটি প্রশিক্ষণ ইউনিটে কর্মরত এক সেনা নিরাপত্তাসংক্রান্ত ঘটনা ও প্রশিক্ষণ কার্যক্রম নথিভুক্ত করার জন্য এআইয়ের সহায়তায় ওয়েবসাইটটি তৈরি করেন। কিন্তু তথ্য যুক্ত করার সময় কারিগরি ভুলের কারণে পুরো সাইটটি সবার জন্য উন্মুক্ত হয়ে যায়।
প্রকাশ হয়ে পড়া ওয়েবসাইটের তালিকায় সেনাদের পূর্ণ নাম ও ব্যক্তিগত পরিচয় নম্বরের পাশাপাশি বিভিন্ন সামরিক ব্যর্থতা ও দুর্ঘটনার প্রতিবেদন, প্রশিক্ষণপদ্ধতি এবং বিভিন্ন বাহিনীর পেশাগত পরীক্ষার ফলাফল অন্তর্ভুক্ত ছিল।
এমনকি এসব তথ্য উন্মুক্ত কোডভাণ্ডার ‘গিটহাব’-এও সংরক্ষিত থাকায় ইউজারনেম বা পাসওয়ার্ড ছাড়াই যে কেউ যে কোনো স্থান থেকে তা দেখতে পেরেছেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া এক সেনাসদস্য প্রথমে সিকিউরিটি গ্যাপটি শনাক্ত করে আইডিএফের তথ্য নিরাপত্তা বিভাগকে অবহিত করেন। তবে এক সপ্তাহ পার হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে ‘দ্য মার্কার’ আইডিএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত ওয়েবসাইটটি থেকে এসব ডেটা সরিয়ে ফেলা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে অবস্থানরত ইসরায়েলি সেনাসদস্যদের পরিচয় এভাবে উন্মুক্ত হয়ে পড়া তাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। প্রায় দুই মাস আগেও এআই দিয়ে বানানো পৃথক ওয়েবসাইটের মাধ্যমে একইভাব বিপুলসংখ্যক সেনার তথ্য ফাঁসের খবর দিয়েছিল দ্য মার্কার।
আইডিএফ মুখপাত্রের কার্যালয় জানিয়েছে, দুটি ঘটনারই ফাঁস হওয়া তথ্য সরিয়ে ফেলা হয়েছে এবং সেনাসদস্যদের মধ্যে তথ্য নিরাপত্তাবিষয়ক নীতিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা আবার জারি করা হয়েছে।

