‘সেকেন্ড হোম’ হতে পারে রাশিয়া: উপ-প্রধানমন্ত্রী

রাশিয়াকে সম্মানকারী এবং দেশটির মূল্যবোধ ধারণকারী ব্যক্তির জন্য রাশিয়া ‘সেকেন্ড হোম’ বা দ্বিতীয় আবাস হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো।
দেশটির ইকাতেরিনবার্গ শহরে চলমান ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’ পরিদর্শনকালে এক বক্তৃতা পর্বে এমন মন্তব্য করেন দিমিত্রি। নগরীর ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টার জুড়ে প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনে বিস্তৃত এই ফেস্টিভ্যাল সোমবার (১৪ সেপ্টেম্বর) পরিদর্শন করেন তিনি।
দিমিত্রি বলেন, যিনি রাশিয়াকে সম্মান করেন এবং আমাদের মূল্যবোধকে ধারণ করেন, তিনি এখানে দ্বিতীয় আবাস খুঁজে পেতে পারেন। রাশিয়া প্রায় দুই শত জাতিসত্তা ও জাতিগোষ্ঠীর একটি সংঘ। এই দেশে একটি অর্থডক্স গির্জা, একটি মসজিদ, একটি দাতসান (বৌদ্ধ মঠ) এবং একটি সিনাগগ (ইহুদি উপাসনালয়) পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমাদের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ২০২৬ সালকে রাশিয়ার জাতিসমূহের ঐক্যবর্ষ ঘোষণা করেছেন। আমাদের সবাইকে একত্রিত করে রাখে রাশিয়ার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ। এগুলো প্রজন্ম থেকে প্রজন্মে, শতাব্দী থেকে শতাব্দীতে হস্তান্তরিত সাধারণ নৈতিক দিকনির্দেশনা— আমাদের আধ্যাত্মিক ভিত্তি। এই মূল্যবোধগুলো ১২ শতাব্দীরও বেশি সময় ধরে রাশিয়ার সংস্কৃতি ও ইতিহাসে প্রবহমান।
উপ-প্রধানমন্ত্রী উৎসবে অংশগ্রহণকারীদের রাশিয়ায় ভ্রমণের সুযোগ সম্পর্কে জানান। তিনি উল্লেখ করেন, রাশিয়া জুড়ে ভ্রমণের জন্য আরামদায়ক ও সহজপ্রাপ্য পরিবেশ তৈরি করা আমাদের অগ্রাধিকার। ই-ভিসা চার দিনের মধ্যে অনলাইনে ইস্যু করা যায়, এটি রাশিয়ায় ৩০ দিন পর্যন্ত অবস্থানের অনুমতি দেয়। এ ছাড়া চীন, সৌদি আরব, ওমান ও মিয়ানমারের ভ্রমণকারীদের জন্য ভিসামুক্ত প্রোগ্রাম চালু রয়েছে।
রাশিয়ার শিক্ষাব্যবস্থা তুলে ধরে দিমিত্রি বলেন, রাষ্ট্রপ্রধানের (পুতিন) নির্দেশে ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৫ লক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থী রাশিয়ায় পড়াশোনা করবে। এজন্য বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি নেটওয়ার্ক তৈরি হচ্ছে যেখানে ২০৩৬ সালের মধ্যে রাশিয়ায় এমন ৪০টি ক্যাম্পাস থাকবে। প্রথম চালু হয় বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাস, আর এ বছর একটি চালু হয়েছে ইয়েকাতেরিনবুর্গেও।
অনুষ্ঠানস্থল পরিদর্শনকালে অংশগ্রহণকারীদের সাথেও মত বিনিময় করেন উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি। এসময় অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
