logo

প্রেস সেক্রেটারি পদে আপাতত কাউকে নিয়োগ দিচ্ছেন না ট্রাম্প

এএফপি
এএফপি
প্রেস সেক্রেটারি পদে আপাতত কাউকে নিয়োগ দিচ্ছেন না ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট একটি অনুষ্ঠানে কথোপকথন করছেন। ছবি: এএফপি

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির শূন্য পদটি আপাতত পূরণ না করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত আগস্টের শেষ দিকে ক্যারোলিন লেভিট পদত্যাগ করার পর থেকে গুরুত্বপূর্ণ এই পদটি খালি রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

রোববার আয়ারল্যান্ড সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি জানান, আপাতত বিভিন্ন সরকারি বিভাগের সচিবদের দিয়ে সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ট্রাম্প বলেন, কিছু সময়ের জন্য বিভিন্ন বিভাগের সচিবরাই সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান তুলে ধরবেন। তবে ভবিষ্যতে এই পদে একজন নতুন প্রেস সেক্রেটারি নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

২৮ বছর বয়সে দায়িত্ব নিয়ে ক্যারোলিন লেভিট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সি হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঠোর ও তীক্ষ্ণ বক্তব্যের কারণে দায়িত্ব পালনকালে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর ইচ্ছা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন লেভিট। তার বিদায়ের পর নতুন প্রেস সেক্রেটারি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, তা নিয়ে ওয়াশিংটনে নানা আলোচনা ও জল্পনা চলছে।

এদিকে, ট্রাম্পের জনপ্রিয়তার বিভিন্ন সূচকে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে দুর্বলতা দেখা যাচ্ছে। একই সঙ্গে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের আশঙ্কাও বাড়ছে।