
ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্র নগরী মদিনাকে লক্ষ্যবস্তু করা নতুন একটি ক্রজ ক্ষেপণাস্ত্র ঠেকানো ও ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এক্সে বলেছেন, ‘মদিনায় ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে।’
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) করা সৌদি আরবের ওই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনী। গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, ‘আজ বৃহস্পতিবার সৌদিতে কোনো হামলাই চালানো হয়নি।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, ‘মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদি-ইয়েমেনি প্রতিরক্ষা জোট।’ এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।
ফরাসি বার্তা সংস্থা এএফপি প্রতিবেদন অনুযায়ী, ইয়াহিয়া সারে এক্সে লিখেছেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে যে, আজ তারা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো অভিযান চালায়নি। মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুপক্ষের দাবি একটি নির্লজ্জ ও ধৃষ্টতাপূর্ণ মিথ্যা।’
এর আগেও পবিত্র নগরী মক্কা ও মদিনায় হুতিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিল সৌদি আরব। কিন্তু রিয়াদের সবগুলো দাবিই সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান-সমর্থিত হুতি বাহিনীরা। এখন নতুন করে আবারও তাদের বিরুদ্ধে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ আনল সৌদি।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে মক্কায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইয়েমেনের হুতি গোষ্ঠী। সেটিকেও আঘাত হানার আগেই আটকে দিয়ে ধ্বংস করা হয়েছিল। সেবার মদিনার একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলাও পরিচালনা করেছিল হুতিরা। বিদ্যুৎকেন্দ্রটি থেকে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হতো।
