বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেলেন ২২ অতিথি

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর রাজধানী কিনশাসায় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) লিংওয়ালা কমিউনের একটি ভবনে বিয়ের রিসেপশন চলাকালে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয় মেয়র নরবার্ট মুশিঙ্গা। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি প্রাথমিকভাবে ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মুশিঙ্গা বলেন, আগুনের সময় জরুরি নির্গমন পথে পৌঁছাতে লোকজনকে বেশ বেগ পেতে হয়। আতঙ্কে সবাই ছোটাছুটি করছিলেন। আগুনে ভবনের ভেতরের বিভিন্ন সম্পদও পুড়ে গেছে। আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য কিনশাসার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকুমেইন শাবানি সব প্রাদেশিক গভর্নরকে জনসমাগমপূর্ণ অনুষ্ঠানস্থলগুলোতে জরুরি ভিত্তিতে পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। নিরাপত্তা মানদণ্ড পূরণ না করা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
