logo

ভিসা-মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা, হাজারো গ্রাহকের তথ্য ফাঁস

ভিসা-মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা, হাজারো গ্রাহকের তথ্য ফাঁস
নিউ ইয়র্কে জেপি মরগান চেজ ব্যাংকের একটি শাখা। ছবি: ব্লুমবার্গ

বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের একটি তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে নাম ও ইমেইল ঠিকানা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ব্যাংক হিসাব, কার্ড নম্বর কিংবা আর্থিক লেনদেনসংক্রান্ত কোনো তথ্য চুরি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

এন০এন (n0n) নামের একটি হ্যাকার গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। হামলার পক্ষে কিছু নথিও প্রকাশ করেছে তারা। তবে গোষ্ঠীটির দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসওসিআরাডার।

Advertisement

ওয়াল স্ট্রিট জার্নাল ও টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেপি মরগান চেজ জানায়, তাদের সেবা প্রদানকারী তৃতীয় পক্ষের একটি প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার বিষয়টি তারা জানতে পেরেছে।

হামলার শিকার প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করলেও জেপি মরগান চেজ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ওই সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত কিছু বিপণনসংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে। এর মধ্যে কয়েকজন গ্রাহকের নাম ও ইমেইল ঠিকানা রয়েছে।

ব্যাংকটি আরও জানায়, যেসব গ্রাহক এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। পাশাপাশি বিনা মূল্যে ক্রেডিট পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ হামলার কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলেও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। সপ্তাহের শুরুতে গ্রাহকেরা যে প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছিলেন, সেটির সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র নেই।

এসওসিআরাডার এএফপিকে জানিয়েছে, এন০এন নামের হ্যাকার গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে। তাদের প্রকাশ করা কিছু নথি হামলার দাবির পক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে এসব নথির সত্যতা ও হামলার প্রকৃত ব্যাপ্তি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, রাশিয়াভিত্তিক এ গোষ্ঠীর আবির্ভাব ঘটে গত সেপ্টেম্বরে। এরই মধ্যে বিশ্বজুড়ে প্রায় ২০০টি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে সাইবার হামলা চালানোর দাবি করেছে তারা।

এদিকে ভিসা জানিয়েছে, এ ধরনের সাইবার হামলার বিষয়ে তারা অবগত। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত তাদের একটি সেবাদাতা প্রতিষ্ঠান এ ঘটনার শিকার হয়েছে। তবে ভিসার নিজস্ব নেটওয়ার্ক বা প্রযুক্তিগত ব্যবস্থায় কোনো অনুপ্রবেশ ঘটেনি। কার্ড নম্বরসহ কোনো পেমেন্টসংক্রান্ত তথ্যও ফাঁস হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভিসার প্রতিদ্বন্দ্বী মাস্টারকার্ডও একই ধরনের তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ঘটনার ফলে তাদের একটি নির্দিষ্ট সুবিধা কর্মসূচির আওতাভুক্ত কিছু কার্ডধারীর সীমিত পরিমাণ অ-আর্থিক তথ্য প্রকাশ পেয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সহায়তা দিতে সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে মাস্টারকার্ড।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া তথ্যের প্রকৃত উৎস ও এর পূর্ণাঙ্গ পরিধি এখনো পরিষ্কার নয়। তবে এতে হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য জড়িত থাকার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জেপি মরগান চেজ, ইউনাইটেড এয়ারলাইনস এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) কম্পিউটার ব্যবস্থায়ও প্রযুক্তিগত বিভ্রাটের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনার সঙ্গে আলোচিত সাইবার হামলার কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট