logo

ফক্স নিউজে যোগ দিচ্ছেন ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

দ্য গার্ডিয়ান
দ্য গার্ডিয়ান
ফক্স নিউজে যোগ দিচ্ছেন ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট
হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি: এবিসি নিউজ

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে গত আগস্টে সরে দাঁড়ানো ক্যারোলিন লেভিট এবার ফক্স নিউজে যোগ দিচ্ছেন। সোমবার মার্কিন এই সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে অন-এয়ার কনট্রিবিউটর হিসেবে রাজনৈতিক বিশ্লেষণ ও মন্তব্য বিভাগে কাজ করবেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সাবেক প্রেস সেক্রেটারি সারা হাকাবি স্যান্ডার্স ও কেলি ম্যাকএনানিও দায়িত্ব ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিয়েছিলেন। ফলে লেভিটের ক্ষেত্রেও একই ধরনের পথ বেছে নেওয়া অনেকটা প্রত্যাশিত ছিল।

ফক্স নিউজের প্রধান নির্বাহী সুজান স্কট লেভিটের রাজনৈতিক বিশ্লেষণ ও অভিজ্ঞতার প্রশংসা করেছেন। তার মতে, হোয়াইট হাউস এবং প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণায় সরাসরি কাজ করার অভিজ্ঞতা লেভিটকে বর্তমান মার্কিন রাজনীতির বিষয়ে আলাদা দৃষ্টিভঙ্গি দিয়েছে।

ফক্স নিউজে যোগ দেওয়ার বিষয়ে লেভিট বলেন, প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সময় অর্জিত অভিজ্ঞতা ও নিজস্ব দৃষ্টিভঙ্গি এবার নেটওয়ার্কটির দর্শকদের সামনে তুলে ধরতে তিনি আগ্রহী। একই সঙ্গে দায়িত্ব পালনের সময়কার উদ্যম ও স্পষ্টবাদিতাও ধরে রাখার কথা জানিয়েছেন তিনি।

২৯ বছর বয়সি লেভিট ছিলেন হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সি প্রেস সেক্রেটারি। চলতি বছরের শুরুতে দ্বিতীয় সন্তানের জন্মের পর ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ান তিনি।

এর আগে গত বছরের ডিসেম্বরে নিজের দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ করে লেভিট ইতিহাসের প্রথম দায়িত্ব পালনরত হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে গর্ভধারণের ঘোষণা দেওয়ার নজির তৈরি করেন।

হোয়াইট হাউসে বিতর্কিত ভূমিকা

প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সময় হোয়াইট হাউসের গণমাধ্যম ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছিলেন লেভিট। প্রেসিডেন্টের দৈনন্দিন কর্মকাণ্ড কাভার করা সাংবাদিকদের নিয়ে গঠিত ‘প্রেস পুল’-এর ওপর হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করেন তিনি।

এ ছাড়া ব্রিফিং রুমে ‘নিউ মিডিয়া’র জন্য আলাদা আসন চালু করা হয়। সেখানে প্রায়ই রক্ষণশীল ভাষ্যকার ও ট্রাম্প-সমর্থকদের দেখা যেত। সাংবাদিকদের সঙ্গে লেভিটের একাধিক প্রকাশ্য বিরোধও হয়েছিল।

ট্রাম্পের ঘনিষ্ঠ ও দৃঢ় সমর্থক হিসেবে লেভিট প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে ট্রাম্পও প্রকাশ্যে তার প্রশংসা করেছেন।

ফক্স নিউজের সঙ্গে ট্রাম্পের টানাপোড়েন

ট্রাম্পের সঙ্গে ফক্স নিউজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও নেটওয়ার্কটির সমালোচনা থেকে তিনি কখনও বিরত থাকেননি। রোববার এক দীর্ঘ ট্রুথ সোশ্যাল পোস্টে ফক্স নিউজের সকালের অনুষ্ঠান ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-এর সমালোচনা করেন তিনি। নিজের সাম্প্রতিক সমাবেশগুলো অনুষ্ঠানটিতে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ করেন ট্রাম্প।

এ ছাড়া ফক্স নিউজের বামঘেঁষা হিসেবে পরিচিত ভাষ্যকার জেসিকা টার্লভেরও সমালোচনা করেন তিনি। দীর্ঘদিনের উপস্থাপক মারিয়া বার্টিরোমোর সঙ্গে নেটওয়ার্কটির সম্পর্ক ছিন্ন করার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প।

তবে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা এখনও ফক্স নিউজের সঙ্গে যুক্ত। তার পুত্রবধূ লারা ট্রাম্পও নেটওয়ার্কটির নিয়মিত মুখ। এ ছাড়া ট্রাম্পের প্রথম প্রশাসনের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক ল্যারি কুডলো সম্প্রতি বার্টিরোমোর স্থলাভিষিক্ত হিসেবে ফক্স নিউজে যোগ দেওয়ার জন্য মনোনীত হয়েছেন। আগামী মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত রোববারের সকালের অনুষ্ঠানগুলোতে তাকে দেখা যাবে।