logo

ইতিহাসের সর্বনিম্নে ইরানি মুদ্রার মান, প্রতি ডলারে ২৩ লাখ রিয়াল

ইতিহাসের সর্বনিম্নে ইরানি মুদ্রার মান, প্রতি ডলারে ২৩ লাখ রিয়াল
কয়েক দশকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: এএফপি

তীব্র মূল্যস্ফীতি ও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের মুদ্রা রিয়ালের দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির খোলা বাজারে মার্কিন ডলারের দাম রেকর্ড ২৩ লাখ রিয়ালে পৌঁছেছে।

ইরানের বৈদেশিক মুদ্রার খোলা বাজারের দর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাশিজি ডটকমের তথ্য অনুযায়ী, ডলারের বিক্রয়মূল্য নতুন সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এর ফলে ইরানের রিয়ালের মূল্য আরও দুর্বল হয়ে পড়েছে।

ইরানের অর্থনীতিতে চলমান মূল্যস্ফীতি ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক নিষেধাজ্ঞার মধ্যেই এই দরপতন ঘটল। সম্প্রতি যুক্তরাষ্ট্র তেহরানকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে আরও বিচ্ছিন্ন করতে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মূল্যস্ফীতি ৬১ দশমিক ৪ শতাংশ

ইরানে মূল্যস্ফীতির পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। দেশটির বার্ষিক মূল্যস্ফীতির হার বর্তমানে ৬১ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে দেশটিতে খাদ্যপণ্যের দাম ১২৮ দশমিক ১ শতাংশ বেড়েছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

রিয়ালের দ্রুত অবমূল্যায়নের কারণে আমদানি করা পণ্য ও কাঁচামালের দাম আরও বাড়তে পারে। একই সঙ্গে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপও আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বৈদেশিক মুদ্রার সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে। সর্বশেষ রিয়ালের রেকর্ড দরপতন সেই অর্থনৈতিক চাপকে আরও স্পষ্ট করে তুলেছে।