ইউক্রেনের ছোড়া ১,২০০ ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার, নিহত ৪

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী এক রাতেই ইউক্রেনের ছোড়া প্রায় ১ হাজার ২০০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের চালানো এই বড় ধরনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাশিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মস্কোর দাবি, এটি ইউক্রেনের চালানো অন্যতম বৃহৎ ড্রোন হামলার ঘটনা। খবর এএফপির।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। এর মাত্র এক দিন আগে, বৃহস্পতিবার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতেরা।
মস্কোতে আলোচনা শেষে মার্কিন প্রতিনিধিরা আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যান। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তাঁরা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশের দ্বারপ্রান্তে। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চললেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ এই ড্রোন হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

