ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ২০ জন নিহত

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতিসংশ্লিষ্ট গণমাধ্যম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিতি আল জাজরিার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আল-জাওফ, আল-বাইদা, সা'দা ও তাইজ প্রদেশে এসব হামলা চালানো হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, হুতিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় ১০৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিক স্থাপনাসহ বিভিন্ন সম্পদ। রাজধানী সানাও হামলার আওতায় ছিল বলে জানান তিনি।
অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-দাহিদা পর্বতমালায় তাদের সেনারা আরও অগ্রসর হয়েছে। এর আগের দিন ওই এলাকার গুরুত্বপূর্ণ উচ্চভূমির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল সরকারি বাহিনী। হুতিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এ অগ্রগতি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সরকারি বাহিনীর দাবি, বিভিন্ন স্থানে হুতিদের অবস্থান, সমাবেশ ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে হুতিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তারা। তবে এসব ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ইয়েমেন আর্মি মিডিয়া বুধবার কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এতে অবরুদ্ধ তাইজ শহর ও আল-হাজম এলাকায় হুতিযোদ্ধাদের লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলার দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতে দেশটির সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। ইরানের সমর্থনপুষ্ট হুতিরা দেশটির রাজধানী সানাসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও তাদের সমর্থিত বাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, হামলায় নিহতের সংখ্যা ও সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে উভয় পক্ষের দাবির স্বাধীন যাচাই এখনো পাওয়া যায়নি।
