জার্মানিতে সাড়ে ৬ লাখ পদে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

দক্ষ পেশাজীবীদের জন্য ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানিতে উন্মোচিত হয়েছে কর্মসংস্থানের এক বিশাল সম্ভাবনা। বর্তমানে দেশটিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে, যা সেখানে ক্যারিয়ার গড়া এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য এক সোনালী সুযোগ।
সম্প্রতি দুবাইয়ের দুসিত থানি হোটেলে আয়োজিত ‘গালফ নিউজ লেভেলআপ’ সম্মেলনের এক বিশেষ আলোচনায় ওয়াই-অ্যাক্সিসের পরিচালক (ডিরেক্টর) ক্লিন্ট খান এ তথ্য প্রকাশ করেন।
সম্মেলনে তিনি বলেন, বর্তমানে পুরো ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রায় ৩০ লাখ শূন্য পদ রয়েছে। এর মধ্যে শুধু জার্মানিতেই রয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ, যা ইইউ-র মোট চাহিদার প্রায় ২৫ শতাংশ। এটিই স্পষ্ট করে যে জার্মানিতে দক্ষ কর্মীদের চাহিদা কতটা বেশি।
দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে প্রবেশের অন্যতম সহজ মাধ্যম হয়ে উঠেছে ‘অপরচুনিটি কার্ড’ বা সুযোগ কার্ড। এটি মূলত চাকরি খোঁজার উদ্দেশ্যে দেওয়া একটি বিশেষ রেসিডেন্স পারমিট। এর মাধ্যমে ইইউ-বহির্ভূত যেকোনো দেশের নাগরিক আগে থেকে কোনো নিয়োগপত্র বা চাকরির চুক্তি ছাড়াই যোগ্য কাজের সন্ধানে ১২ মাস পর্যন্ত জার্মানিতে অবস্থানের সুযোগ পান।
ক্লিন্ট খান আরও জানান, অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে গিয়ে সরাসরি চাকরি খোঁজা যায়। শুরুতে পার্ট-টাইম বা খণ্ডকালীন কাজ করার সুযোগ থাকে। পরবর্তীতে পূর্ণকালীন চাকরি নিশ্চিত হলে এবং নিয়োগকর্তা স্পন্সর করতে সম্মত হলে সহজেই এটিকে নির্দিষ্ট ওয়ার্ক পারমিটে রূপান্তর করে নেওয়া সম্ভব।
কারা পাবেন এই সুযোগ
জার্মানিতে স্বীকৃতিপ্রাপ্ত বিদেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন দক্ষ কর্মী অথবা পয়েন্টভিত্তিক পদ্ধতির মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করা যাবে। পয়েন্ট পদ্ধতির ক্ষেত্রে আবেদনকারীর একটি স্বীকৃত একাডেমিক বা ভোকেশনাল ডিগ্রি এবং জার্মানিতে অবস্থানকালীন নিজের খরচ চালানোর মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকা আবশ্যক। প্রার্থী নির্বাচন ও পয়েন্ট নির্ধারণের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বয়স এবং ভাষা দক্ষতাকে প্রধান মাপকাঠি হিসেবে ধরা হয়।
উপযুক্ত চাকরি নিশ্চিত করতে পারলে স্থায়ী বসবাসের জন্য ‘ইইউ ব্লু কার্ড’ অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। নির্দিষ্ট বেতনের শর্ত পূরণকারী যোগ্য চাকরির অফার থাকা উচ্চশিক্ষিত কর্মীদের লক্ষ্য করেই মূলত এটি তৈরি করা হয়েছে।
ওয়াই-অ্যাক্সিসের এই পরিচালক জানান, ব্লু কার্ড হোল্ডাররা দ্রুত পারমানেন্ট রেসিডেন্সি পান। বিদ্যমান নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ২৭ মাস পরই স্থায়ী বসবাসের অনুমোদন মেলে। তবে প্রার্থীর যদি ‘বি-১’ লেভেলের জার্মান ভাষা দক্ষতা থাকে, তবে মাত্র ২১ মাসের মধ্যেই এ সুযোগ পাওয়া সম্ভব।