বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুরের খেতাব জিতে বড় পুরস্কার পেল জিনি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ‘বিশ্বের কুৎসিত কুকুর’ প্রতিযোগিতায় ২০২৬ সালের শিরোপা জিতেছে ছয় বছর বয়সী পাগ জাতের কুকুর জিনি লু। এবারের প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজনটি ৫০ বছর পূর্ণ করেছে।
গত ১৪ আগস্ট ক্যালিফোর্নিয়ার সান্তা রোসার সোনোমা কাউন্টি ফেয়ারগ্রাউন্ডসে অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতা। সোনোমা-মেরিন কৃষি সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অদ্ভুত চেহারার বেশ কয়েকটি কুকুর অংশ নেয়।
জিনি লুর মালিক মিশেল গ্র্যাডি পুরস্কার হিসেবে পেয়েছেন পাঁচ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ টাকার বেশি।
জিনি লুর জন্য এবারের প্রতিযোগিতা ছিল চতুর্থবারের মতো অংশগ্রহণ। তার মালিক মিশেল গ্র্যাডি বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া, সবার সঙ্গে দেখা করা এবং আয়োজনটির পরিবেশ—সবকিছুই জিনি লু খুব উপভোগ করে।
এক বিবৃতিতে আয়োজকেরা জানান, চার বছর আগে পাগ উদ্ধার সংস্থার মাধ্যমে জিনি লুকে দত্তক নেওয়া হয়। এরপর থেকে সে তার পরিবারের জন্য আনন্দ ও দুষ্টুমির উৎস হয়ে আছে।
এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে পিঙ্কি নামের চিহুয়াহুয়া-পোমেরানিয়ান মিশ্র জাতের কুকুর। পুরস্কার হিসেবে তার মালিক পেয়েছেন ৩ হাজার মার্কিন ডলার। তৃতীয় হয়েছে অটো নামের চিহুয়াহুয়া মিশ্র জাতের কুকুর, যার জন্য পুরস্কার ছিল ২ হাজার ডলার।
প্রতিযোগিতাটির নাম নিয়ে কেউ কেউ সমালোচনা করলেও আয়োজকদের দাবি, এর উদ্দেশ্য কোনো কুকুরকে অপমান করা নয়। বরং প্রতিটি কুকুরের স্বাতন্ত্র্য ও ভেতরের সৌন্দর্য তুলে ধরা এবং দত্তক নেওয়ার জন্য অপেক্ষায় থাকা ব্যতিক্রমী কুকুরগুলোর প্রতি মানুষের আগ্রহ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সোনোমা-মেরিন কৃষি সমিতির প্রধান নির্বাহী ম্যান্ডি ক্লেনডেনেন বলেন, এই প্রতিযোগিতা কখনোই সত্যিকার অর্থে বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর খোঁজার আয়োজন ছিল না। গত ৫০ বছর ধরে এটি প্রতিটি কুকুরের স্বাতন্ত্র্য উদযাপনের পাশাপাশি প্রাণীর প্রতি মমতা, উদ্ধার ও গ্রহণযোগ্যতার বার্তা ছড়িয়ে আসছে।
ছোট একটি স্থানীয় আয়োজন থেকে এই প্রতিযোগিতা বিশ্বজুড়ে মানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হওয়াকে তিনি অসাধারণ বলে উল্লেখ করেন।

