logo

ভালোবাসার আলিঙ্গন করতে গিয়ে পাঁজরের হাড় ভাঙল স্ত্রীর, হাসপাতালে ভর্তি

আনন্দবাজার
আনন্দবাজার
ভালোবাসার আলিঙ্গন করতে গিয়ে পাঁজরের হাড় ভাঙল স্ত্রীর, হাসপাতালে ভর্তি
স্বামীর আলিঙ্গনের সময় স্ত্রীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে যায়। ছবি: মাস্টশেয়ারনিউজের ভিডিও থেকে প্রাপ্ত

ভালোবাসা প্রকাশ করতে গিয়ে স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন এক তরুণ। কিন্তু সেই আলিঙ্গনই ডেকে আনে বিপত্তি। স্বামীর আলিঙ্গনে স্ত্রীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে যায়, আরেকটি হাড়ে দেখা দেয় চিড়। তীব্র ব্যথায় অসুস্থ হয়ে পড়া স্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান ওই তরুণ। পরে বুকের সিটি স্ক্যানে ধরা পড়ে হাড় ভাঙার বিষয়টি। চাঞ্চল্যকর এ ঘটনাটি চীনে ঘটেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। খবর আনন্দবাজার ডট কমের।

প্রতিবেদন অনুযায়ী, স্ত্রীকে কতটা ভালোবাসেন, তা বোঝাতেই তাকে জোরে আলিঙ্গন করেছিলেন ওই ব্যক্তি। তবে এর পরিণতি যে এতটা গুরুতর হতে পারে, তা কল্পনাও করেননি তিনি। স্ত্রীর এমন অবস্থা দেখে হতবাক হয়ে যান স্বামী।

সম্প্রতি ঘটনাটি নিয়ে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন ওই দম্পতি। স্বামীকে দেখে আনন্দে লাফিয়ে ওঠেন স্ত্রী। এরপর এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরেন তরুণ। একপর্যায়ে স্ত্রীকে শূন্যে তুলে নেন তিনি।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই অস্বস্তি বোধ করতে শুরু করেন তরুণী। হাত নেড়ে স্বামীকে নামিয়ে দেওয়ার ইঙ্গিত দেন তিনি। নিচে নামানোর পর পেটের কাছে হাত দিয়ে বসে পড়েন। তাকে ওঠানোর চেষ্টা করেও ব্যর্থ হন স্বামী। এ সময় ব্যথায় কাতরাতে দেখা যায় ওই তরুণীকে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন ওই নারী। স্বামীর যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

‘মাস্টশেয়ারনিউজ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। পরে তা ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, ‘এ কেমন ভালোবাসা!’ আরেকজন লেখেন, ‘ভিডিওটি দেখার পর থেকে সঙ্গীকে জড়িয়ে ধরতেও ভয় করছে।’

ঘটনাটি ভালোবাসার বহিঃপ্রকাশের পাশাপাশি শারীরিকভাবে অতিরিক্ত জোর প্রয়োগের ঝুঁকি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।