logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

সৌদির রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির

সৌদির রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির
সৌদি আরবের পশ্চিম লোহিত সাগর উপকূলে, জেদ্দার উত্তরে অবস্থিত পেট্রো রাবিগ শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। ছবি: গেটি ইমেজ

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। গতকাল রোববার (২২ নভেম্বর) চালানো এ হামলায় তাদের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। তবে হামলায় হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের রাবিগ শহরে অবস্থিত গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাটির নাম ‘পেট্রো রাবিগ’। সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো এবং জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে এটি প্রতিষ্ঠিত। এখানে বৃহৎ পরিসরে তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন করা হয়।

Advertisement

জেদ্দা থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই শিল্পকেন্দ্রের সঙ্গে গভীর সমুদ্রবন্দরও যুক্ত রয়েছে। ফলে এখান থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করা সম্ভব।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি করে আসছে হুতি গোষ্ঠী। এর মধ্যে রয়েছে দেশটির গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন, দক্ষিণাঞ্চলীয় জাজান এলাকার বিভিন্ন শোধনাগার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা তেল শোধনাগার।

তবে এসব স্থাপনায় হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে হুতিদের এসব দাবির প্রকৃত প্রভাব ও ক্ষয়ক্ষতির মাত্রা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যেই সৌদি আরব ও হুতিদের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে।

হুতিরা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও সৌদি নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট