logo

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয় : ট্রাম্প

রয়টার্স
রয়টার্স
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয় : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক নির্বাচনি সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা না চালানোর এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা চলছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালানো হবে না।

ট্রাম্পের এ ঘোষণা এমন সময় এলো, যখন ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং জ্বালানির উচ্চমূল্য মার্কিন নির্বাচনি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে, যা যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একাধিক প্রস্তাব বিনিময় হয়েছে। তবে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

অন্যদিকে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ বা তাদের মজুত ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি নয় বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সমৃদ্ধকরণ সক্ষমতায় ‘অর্থবহ’ হ্রাস আনার আহ্বান জানিয়েছিলেন।

ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্ররা। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে সাম্প্রতিক এক জরিপে ৬০ শতাংশ মার্কিন নাগরিক অসন্তোষ প্রকাশ করেছেন। যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি নভেম্বরে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য রাজনৈতিক চাপ তৈরি করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প অবশ্য নির্বাচনের পরও যুদ্ধের বিষয়ে কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা জানাননি।