নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় বয়কটের মুখে ইরানি দোকানদার

ফিলিস্তিনির গাজায় নারকীয় হত্যাযজ্ঞ আর মধ্যপ্রাচ্যের দেশে দেশে সংঘাতের দাবানল ছড়িয়ে দেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখলেই হয়তো অনেকের মেজাজ বিগড়ে যায়। কিন্তু সেই নেতানিয়াহুর মতো দেখতে কাউকে যদি কাউকে বাসার পাশের দোকানে বসে বাদাম, ফল আর মিষ্টি বিক্রি করতে দেখা যায়, তাহলে কেমন হবে? এমনই এক ব্যক্তি ঘিরে সামাজিক যোগাযাগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
মাত্র ৯ সেকেন্ডের একটি ছোট ভিডিও ক্লিপকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। ভিডিওটিতে দেখা যায়, দোকানের ভেতরে দাঁড়িপাল্লার পেছনে শান্তভাবে বসে আছেন এক ব্যক্তি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার চুলের রেখা, মুখের গড়ন ও অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর মিল খুঁজে পান নেটিজেনরা। এরপর বিভিন্ন পেজ ও অ্যাকাউন্টে ভিডিওটি ছড়িয়ে পড়ে। কেউ তাকে ‘ইরানের নেতানিয়াহু’ বলে পরিচয় করিয়ে দেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে নানা রসাত্মক মন্তব্য করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লার প্রতিবেদনে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। ভিডিওটি দেখার পর অনেকের আগ্রহের কেন্দ্রে চলে আসে দোকানটি। কেউ জানতে চান, কোথায় গেলে ওই ব্যক্তিকে দেখা যাবে। কেউ আবার সরাসরি সেখানে গিয়ে কেনাকাটা করার ইচ্ছাও প্রকাশ করেন।

তবে সবার প্রতিক্রিয়া এক রকম ছিল না। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে কিছু ব্যবহারকারী দোকানটি বয়কটের আহ্বান জানিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমও এ ধরনের প্রতিক্রিয়ার কথা প্রকাশ করেছে।
আলবেনীয় সংবাদমাধ্যম গাজেটা প্যানোরামা ১০ নভেম্বরের এক প্রতিবেদনে জানায়, দোকানটির ঠিকানা জানতে চাওয়া ব্যক্তিদের পাশাপাশি কেউ কেউ বয়কটের ডাকও দিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেফকিও তুরস্কের সংবাদমাধ্যম হ্যাবারলারের বরাতে একই ধরনের খবর প্রকাশ করেছে।
তবে নেতানিয়াহুর সঙ্গে চেহারার এই কাকতালীয় মিলের প্রভাব ওই সাধারণ দোকানির ওপর নেতিবাচকভাবে পড়তে শুরু করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর একদিকে যেমন অনেকে কৌতূহলবশত দোকানটির সঠিক ঠিকানা খুঁজতে শুরু করেছেন এবং সেখানে গিয়ে কেনাকাটা করার আগ্রহ প্রকাশ করেছেন, অন্যদিকে রাজনৈতিক ক্ষোভ থেকে কেউ কেউ দোকানটি বয়কটেরও ডাক দিয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক অনলাইন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই হুট করে পাওয়া অনভিপ্রেত পরিচিতির কারণে ওই দোকানি মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন। এমনকি তার দোকানে আগের মতো ক্রেতা না আসায় তিনি আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওই ব্যক্তি জানান, তার দোকানে এখন আর গ্রাহক আসছেন না। পুরো পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন তিনি।
আরব ও তুর্কি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজটি দোকানটির বাস্তব ছবি। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা এডিট করা হয়নি। তবে ভিডিওটির মূল উৎস, ধারণের তারিখ কিংবা দোকানির পরিচয় সম্পর্কে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
Netanyahu lookalike turns up in Iran — as a shop owner Some say he looks more like Netanyahu than Netanyahu himself https://t.co/rAybO7txNp
— RT (@RT_com) November 10, 2026
(2)-6182f1.jpg)