logo

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি: খলিলুর রহমান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি: খলিলুর রহমান
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো কতটা কার্যকর, সেই প্রশ্ন তুলে পরিষদটির সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। তার মতে, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে রাজনৈতিক বাস্তবতায় জাতিসংঘের কাঠামো তৈরি হয়েছিল, বর্তমান বিশ্ব তার চেয়ে অনেকটাই আলাদা। অথচ নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও স্থায়ী সদস্যপদের কাঠামোয় সেই পরিবর্তনের প্রতিফলন ঘটেনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের ‘ওয়ান অন ওয়ান’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদের সংস্কার, ভেটো ক্ষমতার প্রয়োগ, রোহিঙ্গা গণহত্যার বিচার, জাতিসংঘের মাঠপর্যায়ের কার্যক্রম এবং নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

ড. খলিলুর রহমান বলেন, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য ও রাজনৈতিক বাস্তবতায় ব্যাপক পরিবর্তন এলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের কাঠামো এখনো ১৯৪৫ সালের অবস্থানে রয়ে গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ‘বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়’ বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বর্তমান বাস্তবতার প্রতিফলন থাকা জরুরি।

বিশেষ করে আফ্রিকা মহাদেশকে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যথাযথ প্রতিনিধিত্ব না দেওয়াকে বড় ধরনের ঐতিহাসিক বৈষম্য হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, আফ্রিকার শান্তি ও নিরাপত্তা নিয়ে নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত গ্রহণের টেবিলে মহাদেশটির স্থায়ী প্রতিনিধিত্ব নেই। আফ্রিকাকে সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হতে হবে, কোনোভাবেই আলোচনার বিষয়বস্তু বা ‘মেনু’ হয়ে থাকা চলবে না।

নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে অগ্রগতির কথা জানিয়ে সাধারণ পরিষদের সভাপতি বলেন, এ বিষয়ে আন্তঃসরকার আলোচনার সমন্বয়ের জন্য তিনি ইতোমধ্যে কো-চেয়ারম্যান নিয়োগ করেছেন। তবে সংস্কার বাস্তবায়ন সহজ নয়। কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী কিংবা অস্থায়ী সদস্যপদের কাঠামোয় পরিবর্তন আনতে হলে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। এ ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্মতি ও প্রয়োজনীয় অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই রাতারাতি কাঠামোগত পরিবর্তনের পরিবর্তে ধাপে ধাপে এগোনোর ওপর গুরুত্ব দেন তিনি। নিজের সভাপতিত্বের মেয়াদে সংস্কার আলোচনায় দৃশ্যমান অগ্রগতি অর্জনই তার লক্ষ্য বলে জানান।

বিশ্বের বিভিন্ন সংঘাত ও মানবিক সংকট মোকাবিলায় নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়েও কথা বলেন ড. খলিলুর রহমান। তিনি জানান, জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু স্থায়ী সদস্যদের পারস্পরিক স্বার্থের সংঘাত এবং ভেটো ক্ষমতার ব্যবহারের কারণে অনেক গুরুত্বপূর্ণ সংকটে পরিষদ কার্যকর সিদ্ধান্ত নিতে পারছে না।

এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ ও সহিংসতা বন্ধের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন সংঘাত দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে। সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব গৃহীত হলেও নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের ভেটোর কারণে তা কার্যকর না হওয়ার ঘটনাও এ অচলাবস্থার অন্যতম উদাহরণ।

আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং জাতিসংঘের সদস্যপদ বাতিলের ক্ষমতা প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সনদে সদস্য রাষ্ট্রকে বহিষ্কারের বিধান রয়েছে। তবে ইতিহাসে এ বিধানের প্রয়োগ অত্যন্ত বিরল। চীনের প্রতিনিধিত্ব পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী চীনকে জাতিসংঘে চীনের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনাটি এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদাহরণ।

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধের বিচারিক নিষ্পত্তিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকা তুলে ধরেন তিনি। রোহিঙ্গা গণহত্যার বিচার প্রসঙ্গে জাম্বিয়া বনাম মিয়ানমার মামলার কথা উল্লেখ করে জানান, এ মামলায় ১৯ নভেম্বর আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। তার মতে, আন্তর্জাতিক অপরাধ ও আইন লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালত আইনি প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিরাপত্তা পরিষদের রাজনৈতিক অচলাবস্থার কারণে জাতিসংঘের সামগ্রিক কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার জবাবে সংস্থাটির মাঠপর্যায়ের কাজের গুরুত্ব তুলে ধরেন সাধারণ পরিষদের সভাপতি।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের রাজনৈতিক সীমাবদ্ধতা দিয়ে জাতিসংঘের সামগ্রিক কার্যক্রমের মূল্যায়ন করা ঠিক হবে না। কারণ বিশ্বজুড়ে মানবিক সহায়তা, সাধারণ মানুষের জীবন রক্ষা এবং বিভিন্ন সংকটে জরুরি সেবা নিশ্চিত করতে সংস্থাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জাতিসংঘকে বিলুপ্ত করার চিন্তাকে অবাস্তব উল্লেখ করে তিনি বলেন, আজ যদি জাতিসংঘকে বিলুপ্ত করা হয়, তাহলে বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার স্বার্থেই আগামীকাল আবার একটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেবে। জলবায়ু সংকটসহ বৈশ্বিক সমস্যার সমাধানে তরুণ সমাজ ও সাধারণ মানুষের আস্থা এখনো এই আন্তর্জাতিক সংস্থার ওপর রয়েছে।

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ার মধ্যেও বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম কার্যকরভাবে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে গেছে।

এ ক্ষেত্রে স্থানীয় প্রতিষ্ঠান, জাতীয় পর্যায়ের জনবল এবং রোহিঙ্গা শিবিরের তরুণদের সরাসরি সেবা কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছিল। এতে সীমিত অর্থায়ন সত্ত্বেও শরণার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা সম্ভব হয়। কোনো কোনো ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল বলে জানান তিনি।