উড্ডয়নের আগ মুহূর্তে এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাক আতঙ্ক

ওড়ার ঠিক আগ মুহূর্তে কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে হাইজ্যাক অ্যালার্ট ঘিরে চরম আতঙ্ক নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে।
বুধবার (১১ নভেম্বর) সকালে টেক অফের ঠিক আগে পাইলটের কাছ থেকে সতর্কবার্তা পায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। বার্তা পাওয়া মাত্রই বিমানটিকে রানওয়ে থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান সিআইএসএফসহ বিমানবন্দর নিরাপত্তার শীর্ষ কর্মকর্তারা।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ এয়ারবাস ৩২০ নিও বিমানের। কিন্তু টেক অফের ঠিক আগের মুহূর্তে হুমকিমূলক বার্তা পাওয়া যায় যে, বিমানটি হাইজ্যাক করা হবে। বিষয়টি নজরে আসতেই বিমানকর্মীরা পাইলটকে বিষয়টি জানান।
পরিস্থিতি বুঝে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পাইলট এটিসিতে জরুরি হাইজ্যাক বার্তা পাঠান। বার্তা পেয়েই বিমানবন্দরে জারি করা হয় বিশেষ সতর্কতা। বিমানটিকে সরাসরি রানওয়ে থেকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়, যাতে অন্য কোনো বিমানের নিরাপত্তা বিঘ্নিত না হয়।
নিরাপত্তা কর্মীরা দ্রুত বিমানে পৌঁছে সব প্রোটোকল মেনে তল্লাশি অভিযান শুরু করেন। বিমানে থাকা সব যাত্রীসহ ব্যাগেজের পুঙ্খানুপুঙ্খ স্ক্যানিং এবং সিকিউরিটি চেকিং হয়। সব পরীক্ষা ও ছাড়পত্র না মেলা পর্যন্ত বিমানটিকে ওড়ার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।