ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৬

মালয়েশিয়া থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে ইন্দোনেশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার অভিযান চালিয়ে দেশটির রিয়াউ প্রদেশের দুমাই শহর উপকূলীয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য জাকার্তা পোস্টের বরাতে জানা গেছে, আটক ব্যক্তিরা দুই ইঞ্জিনবিশিষ্ট একটি শক্তিশালী স্পিডবোটে করে সমুদ্রপথে মালয়েশিয়া থেকে পূর্ণমা সৈকতে পৌঁছানোর পর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বাকি আটজন ইন্দোনেশিয়ারই নাগরিক।
দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাজি জানান, গত রোববার সন্ধ্যায় একদল লোক অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে বলে গোয়েন্দা সূত্রে খবর পায় নৌবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ পূর্ণমার উপকূলীয় জলসীমায় নজরদারি জোরদার করা হয়।
পরবর্তীতে দুমাই নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ওয়াহু উইদিদি উইদায়াতের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পাড়ি দেওয়া দলটিকে আটক করে বলে জানান ওই নৌ কর্মকর্তা।
