logo

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৫

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৫
সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। ছবি: এএফপি

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) দেশটির জরুরি উদ্ধারকর্মীরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার বিপজ্জনক পথে এটি সাম্প্রতিক সময়ের আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে গত কয়েক বছরে এ পথে প্রাণ হারিয়েছেন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাস্থল থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত পাওয়া গেছে। পরে সেনেগাল প্রেস এজেন্সি (এপিএস) জানায়, নিহতের সংখ্যা বেড়ে ৩৪ হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপও (এডিএইচএ) এএফপিকে দেওয়া বক্তব্যে এ সংখ্যা নিশ্চিত করে।

রোববার রাতে উদ্ধারকর্মীরা জানান, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে পৌঁছেছে। তাদের আশঙ্কা, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, হতাহতের চূড়ান্ত হিসাব এখনো পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ডাকারের সঙ্গে উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী কেবেম বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছে শনিবার নৌকাটি ডুবে যায়। তবে সেনেগালের অভিবাসী সহায়তা সংগঠন বোজা ফিইয়ের প্রতিষ্ঠাতা সালিউ দিউফের দাবি, দুর্ঘটনাটি ঘটেছিল শুক্রবার।

তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা যাচাইয়ের কাজ চলছে। তবে শনিবার যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের সবাই সেনেগালের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন।

অন্যদিকে, একই ধরনের একটি ছোট নৌকায় করে স্পেনে যাওয়ার প্রস্তুতিকালে শুক্রবার ১৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে সেনেগালের কর্তৃপক্ষ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ২৩ জন নারী এবং চারজন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের মধ্যে সেনেগাল, গাম্বিয়া, গিনি-বিসাউ, গিনি ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।

রোববার এক বিবৃতিতে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করার কথা রয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর।

এদিকে, অভিবাসীবাহী নৌকার চাপ বেড়ে যাওয়ায় স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের দেওয়া তথ্যমতে, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে তিন হাজার ৩০০ জনের বেশি অভিবাসী দ্বীপটিতে পৌঁছেছেন।

অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপ যাত্রা ঠেকাতে সেনেগাল, মৌরিতানিয়া ও মরক্কো সমুদ্রপথে নজরদারি বাড়িয়েছে। এর ফলে অনেক নৌকাকে আরও দক্ষিণে গাম্বিয়া, গিনি-বিসাউ ও গিনির উপকূলীয় এলাকা থেকে যাত্রা করতে হচ্ছে। এতে আটলান্টিক পাড়ি দেওয়ার পথ আরও দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট