logo

রাশিয়ার বৃহত্তম ডেটা সেন্টারে ইউক্রেনের হামলা

রয়টার্স
রয়টার্স
রাশিয়ার বৃহত্তম ডেটা সেন্টারে ইউক্রেনের হামলা
রাশিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান ইয়ানডেক্সে ইউক্রেনের হামলা। ছবি: কিয়েভ পোস্ট

রাশিয়ার বৃহত্তম ব্যাংক ও প্রযুক্তিপ্রতিষ্ঠান স্ভেরব্যাংকের মালিকানাধীন বালাকভো ডেটা সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ৫৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই ডেটা সেন্টারটি রাশিয়ার সবচেয়ে বড় ডেটা প্রসেসিং সেন্টার। তবে হামলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছেন স্ভেরব্যাংকের ফার্স্ট ডেপুটি সিইও আলেকজান্ডার ভেদিয়াকিন।

বুধবার (১৪ অক্টোবর) রয়টার্স জানিয়েছে, ভলগা নদীর তীরে রাশিয়ার সারাতভ অঞ্চলে এই হামলার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে রাশিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান ইয়ানডেক্সের মালিকানাধীন ডেটা সেন্টারগুলোতে তিনটি হামলা চালায় ইউক্রেন। কিয়েভের দাবি, ইউক্রেনের নিজস্ব ডেটা সেন্টারগুলোতে রাশিয়ার হামলার জবাবেই তারা এসব পাল্টা পদক্ষেপ নিচ্ছে।

স্ভেরব্যাংকের আলেকজান্ডার ভেদিয়াকিন সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে ডেটা প্রসেসিং সেন্টারে হামলা চালানো হয়েছে। তবে একই সঙ্গে স্ভেরব্যাংকের সব ব্যবস্থা ও সেবা স্বাভাবিকভাবে এবং কোনো বিঘ্ন ছাড়াই সচল রয়েছে।’

ইয়ানডেক্স হলো স্ভেরব্যাংকের প্রধান অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে, স্ভেরব্যাংক রাশিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অন্যতম শীর্ষস্থানীয় নির্মাতা। দেশটির অভ্যন্তরীণ বাজারে স্ভেরব্যাংকের ‘গিগাচ্যাট’ মডেল ও ইয়ানডেক্সের ‘ইয়ানডেক্সজিপিটি’র মধ্যে প্রতিযোগিতা রয়েছে।

উভয় প্রতিষ্ঠানই তাদের এআই মডেলগুলোর উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তুলনায় তারা প্রযুক্তিগতভাবে নয় মাস পর্যন্ত পিছিয়ে রয়েছে। এর আংশিক কারণ পশ্চিমা নিষেধাজ্ঞা, যা রাশিয়ার জন্য অত্যাধুনিক হার্ডওয়্যার সংগ্রহের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, বালাকভোতে অবস্থিত স্ভেরব্যাংকের ৫৫ হাজার বর্গমিটার আয়তনের এই কেন্দ্রটিতে রাশিয়ার বৃহত্তম সুপারকম্পিউটার স্থাপন করা হবে। ২০২৭ সালে এই সুপারকম্পিউটারের কার্যক্রম শুরুর কথা রয়েছে। স্ভেরব্যাংকের ডেটা সেন্টারটি সারাতভ অঞ্চলের বালাকভো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ও সারাতভ জলবিদ্যুৎকেন্দ্রের পাশে অবস্থিত।

ইউক্রেনের হামলায় কোনো সুপারকম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে ইয়ানডেক্স বা স্ভেরব্যাংক, কোনো পক্ষই কিছু জানায়নি।