রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহী নিহত

রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানে থাকা ১৯ জনের সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা ১৭ বলে জানানো হয়েছিল।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের এ দুর্ঘটনায় বিমানে থাকা ১৯ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ গণমাধ্যমগুলো।
একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, এটি একটি ‘এএন-১২’ সামরিক বিমান ছিল।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বিধ্বস্তের পর বিমানটিতে আগুন ধরে যায়। এরপর সেটি দ্রুত নিচে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।
কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিয়ুক টেলিগ্রামে জানিয়েছেন, ওই অঞ্চলের ইয়াগুনোভো এলাকায় একটি ‘বিমান দুর্ঘটনা’ ঘটেছে। তিনি আরও জানান, তিনি নিজে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন এবং সেখানে জরুরি সেবাকর্মীরা ইতিমধ্যে কাজ করছেন।
তিনি আরও বলেন, আঞ্চলিক কর্তৃপক্ষ সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
এক ভিডিও বার্তায় বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয় বলে জানান তিনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল অ্যান্টোনভ এএন-১২ মডেলের একটি পরিবহন বিমান। এটি নভোসিবিরস্ক থেকে কনস্কের উদ্দেশে যাত্রা করেছিল।
এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলের একটি জনমানবহীন এলাকায় দেশটির কৌশলগত পারমাণবিক সক্ষমতাসম্পন্ন টুপোলভ টিইউ-৯৫ মডেলের একটি বোমারু বিমান বিধ্বস্ত হয়। সে ঘটনায়ও বিমানটির ৬ ক্রু সদস্যের সবাই নিহত হয়েছিলেন। তবে সে সময় যুদ্ধবিমানটিতে কোনো বোমা বা অস্ত্র ছিল না বলে জানিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।


