logo

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ

এশিয়া পোস্ট ডেস্ক
বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ
বঙ্গোপসাগরে ডুবে যাচ্ছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে ২৪ জন ক্রুসহ পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) পারাদ্বীপ বন্দর থেকেপ্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Advertisement

ওই প্রতিবেদনের বলা হয়েছে, ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশন-উইনার নামের জাহাজটি গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিলেন। যাদের মধ্যে ২০ জন চীন, ৩ জন মিয়ানমার এবং একজন বাংলাদেশের নাগরিক।

সাগরের যে এলকায় জাহাজটি ডুবেছে, পারাদ্বীপ বন্দর থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ২৪০ নটিক্যাল মাইল। আন্দামান-নিকোবরের রাজধানী শ্রী বিজয়া পুরমে অবস্থিত ভারতীয় কোস্টগার্ড দপ্তরের মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে এমভি ওশন উইনারের নির্মানকারী কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে এমভি ওশন উইনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কোম্পানির পক্ষ থেকে জাহাজটিকে অনুসন্ধান ও নাবিকদের উদ্ধারের অনুরোধ করা হয়। সেই অনুরোধে সাড়া দিয়ে অনুসন্ধান শুরু ভারতীয় কোস্টগার্ড বাহিনী। রাত ৮টা নাগাদ ২ নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

এদিকে উদ্ধার অভিযানে কোস্টগার্ডের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় নৌবাহিনীও। এ অভিযানের জন্য নৌবাহিনীর ৩ জাহাজ ভারাদ, আনমোল এবং বিজিত-কে মোতায়েন করেছে নৌবাহিনী। নৌবাহিনীর কর্মকর্তরা জানিয়েছেন, নিখোঁজ বাকি ২২ জনকে উদ্ধারে অভিযান চলমান।

শনিবার ঠিক কখন ও কী কারণে জাহাজটি ডুবেছে, সেসব তথ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ