logo

গুগল ম্যাপে বদলে গেল লেক অন্টারিওর নাম

টিআরটি ওয়ার্ল্ড
টিআরটি ওয়ার্ল্ড
গুগল ম্যাপে বদলে গেল লেক অন্টারিওর নাম
গুগল ম্যাপস যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ‘লেক আমেরিকা’ নাম দেখাচ্ছে। ছবি: গুগল ম্যাপস

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ দেখানো হচ্ছে। তবে কানাডার ব্যবহারকারীরা আগের মতোই ‘লেক অন্টারিও’ নামটি দেখতে পাবেন।

Advertisement

ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক উত্তেজনা বাড়ার মধ্যেই গুগল ম্যাপে এই পরিবর্তন আনা হলো।

গুগল জানিয়েছে, সরকারি নথিতে কোনো ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন হলে তারা ম্যাপেও তা প্রতিফলিত করে। শনিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপ ব্যবহারকারীরা এখন ‘লেক আমেরিকা’ নামটি দেখতে পাবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে গুগল ম্যাপে পরিবর্তনটির কথা জানান। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের ফোনে গুগল ম্যাপ লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা করেছে।

তবে কানাডায় নামটি ‘লেক অন্টারিও’ই থাকবে বলে জানিয়েছে গুগল। আর যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে থাকা ব্যবহারকারীরা ‘লেক অন্টারিও (লেক আমেরিকা)’—দুই নামই দেখতে পাবেন।

যুক্তরাষ্ট্রের সরকারি ভৌগোলিক নামের মান নির্ধারণকারী সংস্থা জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গুগল এই সিদ্ধান্ত নেয়।

ট্রাম্পের স্বাক্ষর করা একটি নির্বাহী আদেশের পর মার্কিন সরকারি সংস্থাগুলোকে তাদের সব সরকারি নথি ও তথ্যভান্ডারে নতুন নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়।

কানাডার আপত্তি

কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। শনিবার তিনি ‘লেক অন্টারিও’ লেখা একটি নতুন সাইন উন্মোচন করেন। এর মাধ্যমে জলাশয়টির ঐতিহাসিক নামের প্রতি সমর্থন জানান তিনি।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘অন্টারিও’ নামটির ঐতিহাসিক উৎস উত্তর আমেরিকার আদিবাসী জনগোষ্ঠী ওয়েন্ডাটদের সঙ্গে সম্পর্কিত।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে গুগল ম্যাপেও যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নামটি পরিবর্তন করা হয়।

বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা

লেকের নাম নিয়ে এই বিরোধের মধ্যেই যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়ছে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে কানাডা।

এর আগে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর গত ২২ আগস্ট কানাডার ২৭ দশমিক ৬ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র।

ফলে ভৌগোলিক নামের বিরোধের পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কও নতুন করে চাপের মুখে পড়েছে।

গুগল ম্যাপে বদলে গেল লেক অন্টারিওর নাম