logo

রমজান মাস শুরু হতে আর কত দিন বাকি

গালফ নিউজ
রমজান মাস শুরু হতে আর কত দিন বাকি
হিজরি ১৪৪৮ সালের রবিউস সানি মাস শুরু হয়েছে রোববারে। এর মধ্য দিয়ে ২০২৭ সালের পবিত্র রমজানের অপেক্ষা এখন শেষ পাঁচ চন্দ্রমাসে এসে পৌঁছেছে।

হিজরি ১৪৪৮ সালের রবিউস সানি মাস শুরু হয়েছে রোববার থেকে। এর মধ্য দিয়ে ২০২৭ সালের পবিত্র রমজানের অপেক্ষা এখন শেষ পাঁচ চন্দ্রমাসে এসে পৌঁছেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে নতুন চাঁদ দেখার ভিত্তিতে।

বর্তমান হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজানের সম্ভাব্য শুরু ৮ ফেব্রুয়ারি। এর আগের দিন ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে ওই রাত থেকেই তারাবির নামাজ শুরু হতে পারে এবং পরদিন থেকে রোজা পালনের সম্ভাবনা রয়েছে।

ইসলামি বর্ষপঞ্জি চন্দ্রচক্রনির্ভর হওয়ায় রমজান প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে। হিজরি বছর সাধারণত প্রায় ৩৫৪ দিনের হওয়ায় গ্রেগরিয়ান বছরের তুলনায় তা ছোট। এ কারণে প্রায় ৩৩ বছরের একটি চক্রে মুসলমানরা বছরের বিভিন্ন ঋতুতে রমজান পালনের সুযোগ পান।

চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। এরপর শাওয়ালের চাঁদ দেখা গেলে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ, বুধবার হতে পারে। তবে এই তারিখও চাঁদ দেখার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিলের সূচনা হয়।

রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলমানরা। একই সঙ্গে নামাজ, ইবাদত, দান-সদকা, আত্মসংযম এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে রমজানের সম্ভাব্য তারিখ আগেভাগে নির্ধারণ করা সম্ভব হলেও ইসলামী রীতি অনুযায়ী মাসটির আনুষ্ঠানিক সূচনা নতুন চাঁদ দেখার ওপরই নির্ভরশীল। ফলে পূর্বাভাসের সঙ্গে চূড়ান্ত ঘোষণায় একদিনের মতো পার্থক্য হতে পারে।