logo

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম, সাত সপ্তাহের সর্বনিম্নে

রয়টার্স
রয়টার্স
আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম, সাত সপ্তাহের সর্বনিম্নে
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক ধাক্কায় ৩ শতাংশের বেশি কমেছে। ছবি: গেটি ইমেজ

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কা নতুন করে জোরালো হয়েছে। এর প্রভাবে সুদের হার দীর্ঘ সময় উচ্চপর্যায়ে থাকতে পারে—এমন প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক ধাক্কায় ৩ শতাংশের বেশি কমেছে। এতে সাত সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মূল্যবান এই ধাতুর দাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫৬ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। ৫ আগস্টের পর এটাই ছিল স্বর্ণের সর্বনিম্ন দাম। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসে দাম ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৮৮ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।

ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্তাউনোভো রয়টার্সকে বলেন, জ্বালানি তেলের বাড়তি দাম এবং মার্কিন সুদের হার আরও বাড়তে পারে—বিনিয়োগকারীদের মধ্যে এমন প্রত্যাশা স্বর্ণের সাম্প্রতিক দরপতনের অন্যতম প্রধান কারণ।

তিনি বলেন, এ পরিস্থিতিতে মার্কিন বন্ডের মুনাফা ও ডলারের মূল্য তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। ফলে কোনো সুদ না দেওয়া সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ-ব্যয় বেড়ে যায়। এ কারণে স্বল্পমেয়াদে স্বর্ণের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

অন্যান্য মূল্যবান ধাতুতেও দরপতন

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ৪ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ১৭ ডলারে নেমেছে।

এ ছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৩৫ দশমিক ৮৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ২৩৯ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশে স্বর্ণের বর্তমান দাম

এদিকে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের গহনার দাম প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারিত রয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।