দিল্লি মেট্রোতে নারী যাত্রীর গোপন ছবি তুলে ক্ষোভের মুখে নিরাপত্তাকর্মী

এশিয়া পোস্ট ডেস্ক
দিল্লি মেট্রোতে নারী যাত্রীর গোপন ছবি তুলে ক্ষোভের মুখে নিরাপত্তাকর্মী
মেট্রোরেলে গোপনে নারীর ছবি তোলা নিয়ে ক্ষোভের মুখে নিরাপত্তাকর্মী। ছবি: সংগৃহীত

মেট্রোরেলের ভেতরে নারী যাত্রীর অনুমতি ছাড়া গোপন ছবি তোলার অভিযোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সদস্যকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুব্ধ সহযাত্রীরা। হাতাহাতির এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র বিতর্ক তৈরি হয়।

Advertisement

গত শনিবার (১৫ আগস্ট) মধ্যরাতে ভারতের রাজধানী দিল্লির মেট্রোর হলুদ লাইনের ‘এইমস’ স্টেশনে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেট্রোর ভেতরে সহযাত্রীরা ওই নিরাপত্তাকর্মীকে ঘিরে ধরেছেন। অভিযুক্ত সিআইএসএফ সদস্য শুরুতে ছবি তোলার কথা অস্বীকার করলেও ভুক্তভোগী নারী ও ক্ষুব্ধ যাত্রীরা তাকে মোবাইল ফোন পরীক্ষা করতে বাধ্য করেন। ফোন খুলতেই তাতে ওই নারীর গোপনে তোলা একাধিক ছবি ভেসে ওঠে।

ছবিগুলো দৃশ্যমান হওয়ার পরই নিরাপত্তাকর্মীর সঙ্গে যাত্রীদের তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। ভিডিওতে ভুক্তভোগী নারীকে অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে বলতে শোনা যায়, ‘এসব কী? আমার ছবিগুলো ডিলিট করুন।’ একপর্যায়ে যাত্রীরা তার হাত থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত বাধা দেন, যা পরবর্তীতে হাতাহাতি ও তুমুল উত্তেজনার সৃষ্টি করে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিআইএসএফ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় জানায়, অভিযুক্ত সদস্যকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মেট্রো পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪০ মিনিটের দিকে পিসিআর (কন্ট্রোল রুম) কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ভুক্তভোগী নারী কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের না করায় বিষয়টি অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সিআইএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র: এনডিটিভি