যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (স্থানীয় সময়) রাতে অঙ্গরাজ্যটির ডেলোনা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগে ঝড়ের মধ্যে উড়ে যাওয়ার সময় বিমানের ডানায় বরফ জমার কথা জানিয়েছিলেন পাইলট। এর কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সক কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, ছয় আসনবিশিষ্ট এক ইঞ্জিনের পাইপার পিএ-৪৬ মডেলের বিমানটি কেনোশা থেকে মেনোমোনির উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে বিমানটি মিরর লেক স্টেট পার্কের কাছে একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র উইসকনসিন ডেলসের কাছাকাছি এবং অঙ্গরাজ্যের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, দুর্ঘটনার আগে আকাশপথে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগের সময় পাইলট বিমানের ডানায় বরফ জমার বিষয়টি জানান। তখন বিমানটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। এ সময় তিনি নিচে নামার অনুমতি চান।
অনুমতি পাওয়ার পর বিমানটি ডান দিকে নিচের দিকে বাঁক নিতে শুরু করে। একপর্যায়ে বাঁক নেওয়ার গতি বাড়তে থাকে। এরপর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর গতিবিধি শনাক্ত করার তথ্যও পাওয়া বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে এনটিএসবি।
দুর্ঘটনার সময় এলাকাটিতে বজ্রঝড় ও বৃষ্টিপাত হচ্ছিল। বিমানের ডানায় বরফ জমলে এর বায়ুগতীয় বৈশিষ্ট্য ব্যাহত হতে পারে। এতে উত্তোলনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি বিমান নিয়ন্ত্রণে রাখাও কঠিন হয়ে পড়তে পারে। তবে দুর্ঘটনার ক্ষেত্রে বরফ জমা ও প্রতিকূল আবহাওয়ার ভূমিকা কতটা ছিল, তা এখনো নিশ্চিত নয়।
সক কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে তারা একাধিক ফোনকল পায়। দুর্ঘটনায় আশপাশের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি এবং মাটিতে থাকা কেউ আহত হননি। বিমানে থাকা ছয়জনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
