logo

রিয়াদের আকাশে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

এএফপি
এএফপি
রিয়াদের আকাশে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
রিয়াদ শহর লক্ষ্য করে হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ছবি: আনাদোলু এজেন্সি

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার (২৪ অক্টোবর) এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, শনিবার ভোরে রিয়াদে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হামলা অব্যাহত ছিল।

সম্ভাব্য হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করতে আগাম সতর্কতা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘হুতি সন্ত্রাসী মিলিশিয়ার রিয়াদ লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

আল-মালকি শনিবার এর আগে দেওয়া আরেকটি পোস্টে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন প্রতিহত করার কথাও জানান।

চলতি মাসে সৌদি আরব ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ধারাবাহিক হামলার মুখে পড়েছে। এসব হামলার মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো একটি হামলাও রয়েছে, যা কয়েক বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরব অভিযোগ করেছে, ইরান হুতিদের দেশটির বিরুদ্ধে হামলা জোরদার করতে উৎসাহিত করেছে। তবে হুতিদের হামলার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

দীর্ঘ চার বছরের ভঙ্গুর যুদ্ধবিরতির পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারও লড়াই শুরু হয়। এর কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়েছিল, যা পুরো অঞ্চলকে গভীর সংকটের মধ্যে ফেলেছে।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। সংঘাতের আগেই দেশটি ভয়াবহ মানবিক সংকটে ভুগছিল। নতুন করে লড়াই শুরু হওয়ায় দেশটির নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।