যুদ্ধজাহাজ বিকল, মাঝসমুদ্রে বাথরুমহীন ৩০০ মার্কিন সৈন্য

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার মাঝ সমুদ্রে বিকল হয়ে খাবার, পানি, শৌচাগার ব্যবহার নিয়ে চরম দুর্ভোগের পড়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ডের থাকা প্রায় ৩০০ সৈন্য। ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজটি প্রশান্ত মহাসাগরে মোতায়েন রয়েছে। বড় ধরনের যান্ত্রিক ক্রুটির মুখে টানা চার দিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।
সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, বিকল হওয়ার ফলে জাহাজে নিয়োজিত ৩০০ সৈন্য বিশুদ্ধ পানি, খাবার, সচল শৌচাগার এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছিল। প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সামরিক সক্ষমতা ও সৈন্যদের জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন ওঠায় এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।
নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমার জানান, গত ২৪ জুলাই প্রশান্ত মহাসাগরে টহল দেওয়ার সময় ইউএসএস বেনফোল্ডের জেনারেটরে ভয়াবহ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এতে জাহাজটির পুরো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অধীনস্থ ক্রুজার ইউএসএস রবার্ট স্মলস দুর্ঘটনাকবলিত ডেস্ট্রয়ারটিকে খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা পাঠায়।
পরে জাহাজটিকে টেনে ফিলিপাইনের সুবিক উপসাগরে নেওয়া হলে গত ২৮ জুলাই এটি বন্দরে পৌঁছায়। এবং নাবিকদের বাইরে নিরাপদে থাকার ব্যবস্থা করা হয়। মেরামতের পর গত ৮ আগস্ট রণতরিটি পুনরায় কার্যক্রম শুরু করে।
মাঝ সমুদ্রে বিকল হওয়ার এই ঘটনা এমন সময় প্রকাশ্যে এলো, যখন একটানা ২৫০ দিন সমুদ্রে কাটানো অপর বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরে খাদ্য ঘাটতি ও স্বাস্থ্যবিধি উপকরণের অভাবে নাবিকদের চরম মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার খবর সামনে এসেছে।
ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা লিংকনের সার্বিক পরিস্থিতি তদন্তের আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে, যার ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাময়িকভাবে কোনো মার্কিন বিমানবাহী রণতরির উপস্থিতি থাকছে না।

