logo

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীর গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীর গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের নওদার বিধায়ক এবং ‘আম জনতা উন্নয়ন পার্টি’র প্রধান হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে উপনির্বাচনের মধ্যে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা ও বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচন চলাকালে দলীয় কার্যালয় থেকে হুমায়ুন কবীরকে আটক করা হয়। সকালে নির্বাচন শুরু হওয়ার পর ভোট লুটের অভিযোগ তোলেন হুমায়ুন কবীর। এর কিছুক্ষণ পর আম জনতা উন্নয়ন পার্টির কার্যালয় থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে যেতে চাইলে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভোটগ্রহণের সময় আইন ভঙ্গ এবং বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে হুমায়ুন কবীরের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিও হয়। পরে তাকে পুলিশের গাড়িতে করে রেজিনগর থানায় নিয়ে যায় পুলিশ।

এর আগে মঙ্গলবার সকালে রেজিনগরে উপনির্বাচন শুরু হওয়ার পর হুমায়ুন কবীর পরিবারের সদস্যদের নিয়ে শক্তিপুরে নিজের গ্রামের বুথে ভোট দেন। এরপর তিনি রেজিনগরে দলীয় কার্যালয়ে আসেন।

বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় বলেন, আইন ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবীরকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরে তিনি জানান, হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ঘটনাটি নিয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন।

কীভাবে রেজিনগর আসনে উপনির্বাচন

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এজেইউপি প্রার্থী হিসেবে হুমায়ুন কবীর মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর—দুই আসনেই জয়ী হন। পরে তিনি নওদা আসনটি রেখে রেজিনগর আসন থেকে পদত্যাগ করেন। ফলে আসনটি শূন্য হওয়ায় সেখানে মঙ্গলবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায়

এর আগে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন হুমায়ুন কবীর। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সে সময় তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়।

এরপর তিনি আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ওই দলের প্রার্থী হিসেবে নওদা ও রেজিনগর—দুই আসনেই জয় পান তিনি।