logo

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ, দুই স্টেশনে ট্রেন বন্ধ

কলকাতা ব্যুরো , পশ্চিমবঙ্গ, ভারত
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ, দুই স্টেশনে ট্রেন বন্ধ
দিল্লির যন্তর মন্তরে জমায়েত, দুই স্টেশনে বন্ধ ট্রেন। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরেই দিল্লিতে একাধিক প্রতিবাদ কর্মসূচি চলছে। আগামীকাল ১০ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কয়েকটি ছাত্র সংগঠন। এই জমায়েতের জেরে দিল্লিতে যানজট ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তার আগেই ভারতীয় রেলের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, শনিবার ১০ অক্টোবর ভোর থেকে নয়াদিল্লি ও হজরত নিজ়ামুদ্দিনে পৌঁছোনোর কথা ছিল যে সব মেল ও এক্সপ্রেস ট্রেনের, সেগুলি বাতিল করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শিয়ালদহ ও হাওড়া থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস। শুক্রবার রেলের একটি নির্দেশিকায় এ কথা জানানো হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, শুক্রবার দুপুর ২টোর পরে যাত্রার প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে শনিবার ভোর ৪টে থেকে দুপুর ২টোর মধ্যে ওই দুই স্টেশনে পৌঁছোনোর কথা ছিল যে ট্রেনগুলির, সেগুলি বাতিল করা হবে। রেলের কোচিং ডিরেক্টরেটের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট দুই স্টেশনের আশপাশের রাস্তায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ১২৩০১ হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস (শুক্রবার যাত্রা শুরু করার কথা ছিল) ও ১২৩১৩ শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস (শুক্রবার যাত্রা শুরু করার কথা ছিল) বাতিল করা হয়েছে। তবে ট্রেন বাতিলের সিদ্ধান্তের সঙ্গে ওই প্রতিবাদ কর্মসূচির সরাসরি যোগ রয়েছে কি না, তা রেলের নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি।