logo

হরমুজ প্রণালিতে মার্কিন সমুদ্র ড্রোন জব্দের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে মার্কিন সমুদ্র ড্রোন জব্দের দাবি ইরানের
একটি সাদা রেমাস ৬০০ ডুবোযান। ছবি: ওয়ানা নিউজ এজেন্সি

হরমুজ প্রণালিতে একটি মার্কিন স্বয়ংক্রিয় ডুবোযান বা সমুদ্র ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, জব্দ করা ড্রোনটি ‘রেমাস ৬০০’ নামের একটি উন্নতমানের স্বয়ংক্রিয় ডুবোযান। বর্তমানে এটি আইআরজিসির বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ড্রোনটির সংরক্ষিত তথ্য উদ্ধারের কাজ চলছে বলে দাবি করা হয়েছে।

আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি আইআরজিসির বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, গোয়েন্দা তথ্য ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা ব্যবহার করে পরিচালিত একটি ‘সমন্বিত ও জটিল অভিযানের’ মাধ্যমে আইআরজিসি নৌবাহিনীর সদস্যরা ড্রোনটি আটক করেন। ইরানের দাবি, ড্রোনটি হরমুজ প্রণালিতে ‘গুপ্তচরবৃত্তির’ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল।

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালি ‘বন্ধ’ রয়েছে এবং ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড ও অনুমোদনহীন চলাচলের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।

তবে ড্রোনটি জব্দের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।