logo

ইরানের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি তেহরানের

ইরানের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি তেহরানের
ইরানের বন্দর আব্বাসের আকাশে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ছবি: আনাদোলু এজেন্সি

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ ধরনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

রোববার (২৪ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে তাসনিম জানায়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় আকাশ প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এমন এক সময়ে ড্রোন ভূপাতিত করার এ দাবি সামনে এল, যখন ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন রোববারই ইরানে হামলা চালাতে পারে, অথবা তেহরানের সঙ্গে একটি ‘বড় ও চমৎকার’ চুক্তিতে পৌঁছাতে পারে। ইরানে নতুন করে হামলার বিষয়টি তিনি বিবেচনা করছেন; এমন খবরের মধ্যেই এ বক্তব্য দেন ট্রাম্প।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর জেরে পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে।

পরবর্তী সময়ে যুদ্ধবিরতি এবং শান্তিচুক্তি চূড়ান্ত করার বিষয়ে সমঝোতা হলেও সংকটের স্থায়ী সমাধান এখনো হয়নি। এর মধ্যে ইরানের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে নতুন করে সামনে এনেছে।