logo

নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫০, নিখোঁজ প্রায় ৩ হাজার

এশিয়া পোস্ট ডেস্ক
নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫০, নিখোঁজ প্রায় ৩ হাজার
নেপালের ভোটেকোশির আকস্মিক বন্যার ফলে একটি বৈদ্যুতিক সাবস্টেশন ও পরিবহন যানবাহনগুলো পুরু কাদা, পলি এবং ধ্বংসাবশেষে প্লাবিত। ছবি: কাঠমান্ডু পোস্ট

নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৭৩৪ জন এবং তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে। দুই দেশে এখনো নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৪৪ জন, যার মধ্যে নেপালে ২ হাজার ৪৯৮ জন এবং তিব্বতে ৫৪৬ জন।

Advertisement

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ভয়াবহ বন্যায় নেপালের ভোতে কোশি ও ত্রিশূলী নদী অববাহিকায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন। সর্বশেষ সরকারি হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত চীনের তিব্বতের গিরং কাউন্টিতে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত উদ্ধারকারীরা ৭৩৪টি মরদেহ উদ্ধার করেছে। যেগুলো বন্যাকবলিত বিভিন্ন জায়গায় পাওয়া গেছে।

এর মধ্যে চিতাওয়ানে সর্বোচ্চ ২৫৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর রয়েছে পূর্ব নাওয়ালপারাসি। সেখানে পাওয়া গেছে ১৮৪টি মরদেহ। আর তৃতীয় সর্বোচ্চ ৮২টি মরদেহ উদ্ধার করা হয়েছে পশ্চিম নাওয়ালপারাসিতে। আর গোর্খায় পাওয়া গেছে ৫৮টি মরদেহ। নুয়াকোটে এ সংখ্যা ৫২। ধাধলিংয়ে ৫০, তানাহুনে ৩৬ এবং রাসুয়া থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বন্যার পানিতে ভেসে যাওয়া মানুষ ও ধ্বংসাবশেষ ভোতে কোশি ও ত্রিশূলী নদী দিয়ে বহুদূর ভাটির দিকে চলে যাওয়ায় অনেক মরদেহ কয়েক শ কিলোমিটার দূর থেকেও উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা সবচেয়ে বেশি রাসুয়া জেলায়।

জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ৫৬২ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নুয়াকোটে ১১৫ জন এবং মাকওয়ানপুরে ৬৫ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের তালিকায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯৩৩ জন, ৫৮৯ জন বিদেশি নাগরিক এবং তাদের সঙ্গে ভ্রমণরত ১২৭ জন নেপালিও রয়েছেন। এ ছাড়া ৮৫ জন নিরাপত্তাকর্মীও নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৫ জন, নেপাল পুলিশের ২৭ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ জন সদস্য রয়েছেন।

নেপাল সরকার জানিয়েছে, বন্যায় ২৪২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ব্যক্তি যেমন রয়েছেন, তেমনি চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া ব্যক্তিরাও রয়েছেন।

বন্যাকবলিত জেলাগুলোতে অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব কাজে মোট ১৯ হাজার ৮৯৫ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৮ হাজার ৩৯৯ জন, পুলিশের ৭ হাজার ২১৩ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ৪ হাজার ২০৩ জন সদস্য রয়েছেন।

রোববার চীন জানিয়েছে, নেপালের সঙ্গে সীমান্তবর্তী একটি স্থলবন্দর এলাকায় ভয়াবহ ভূমিধসের পর তিব্বতের অংশে ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তিব্বতে মৃতের সংখ্যা ১৬ জনে পৌঁছেছে।

চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান, নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি নেপালের নাগরিক, ১০৪ জন। এ ছাড়া ৪৯ জন ভারতীয়, ৩৩ জন লাটভিয়ার, ১৮ জন মার্কিন এবং ১৫ জন ব্রিটিশ নাগরিকেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বেইজিংয়ের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিদেশি দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোকে এ বিষয়ে অবহিত করেছে বলে জানান চীনা কর্মকর্তারা।

নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫০, নিখোঁজ প্রায় ৩ হাজার