
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে ইরানের যে কোনো চুক্তির অংশ হিসেবে দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্থবহভাবে কমাতে হবে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে না চায়, তাহলে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই—এমন প্রতিশ্রুতি দেখাতে হলে ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ বা উল্লেখযোগ্যভাবে কমানোর মতো বাস্তব পদক্ষেপ নিতে হবে।
ভ্যান্স আরও বলেন, ওয়াশিংটন এখনো তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আগ্রহী। তবে এর জন্য ইরানকে কথার বদলে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। তাঁর ভাষায়, “আমরা পদক্ষেপের বিনিময়ে শুধু কথাবার্তা গ্রহণ করব না।”
ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনা করছে। তবে ইরানের অভ্যন্তরে কীভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, তা পুরোপুরি স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
