logo

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত-কুয়েত

গালফ নিউজ
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত-কুয়েত
নয়াদিল্লিতে ভারত-কুয়েত যৌথ প্রতিরক্ষা কমিটির উদ্বোধনী বৈঠক। ছবি: গালফ নিউজ

নিরাপত্তা ও সামরিক বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে ভারত এবং কুয়েত।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় যৌথ প্রতিরক্ষা কমিটির (জেডিসি) বৈঠক। সাম্প্রতিক সময়ে পাকিস্তান, সৌদি ও তুরস্কের মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই এমন সিদ্ধান্ত এলো।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপাক্ষিক ওই বৈঠকে প্রশিক্ষণ, সামরিক মহড়া, সামরিক চিকিৎসা, স্টাফ লেভেল আলোচনা, প্রতিরক্ষা শিল্প এবং গবেষণা ও উন্নয়ন (ডিআরডিও) বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিত সম্প্রসারণে দুই দেশ ঐকমত্যে পৌঁছায়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘২০২৪ সালের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রীর কুয়েত সফরকালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারকে (এমওইউ) উল্লেখিত লক্ষ্যসমূহ বাস্তবায়নে এই প্রথম জেডিসি বৈঠকটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ পদক্ষেপ।’

পাঁচ সদস্যের কুয়েতি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আলসাকরান ও ভারতীয় প্রতিনিধিদলের যৌথ সভাপতিত্ব করেন যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ। ভারতীয় প্রতিনিধিদলে সেনা, নৌ ও বিমানবাহিনী, প্রতিরক্ষা উৎপাদন বিভাগ, ডিআরডিও, সশস্ত্র বাহিনী চিকিৎসা পরিষেবা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকের আগে কুয়েতি প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আলসাকরান নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ভারতের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সফরের প্রথম দিনে প্রতিনিধিদলটি নয়াদিল্লির প্রতিরক্ষা সরকারি খাতের উদ্যোগ (ডিপিএসইউ) ভবন পরিদর্শন করে।

এ ছাড়াও দেশটির প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারত্বের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করে। সফরের দ্বিতীয় দিনে ভারতীয় শিল্প প্রতিনিধিদের সঙ্গে আরেকটি বিশেষ যৌথ বৈঠক নির্ধারিত রয়েছে।

ভারত ও কুয়েতের সুদীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘১৯৬২ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে ভারত ও কুয়েতের মধ্যে চমৎকার উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা ঐতিহাসিক বন্ধনের ওপর দাঁড়িয়ে আছে।’

২০২৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুয়েত সফরের মধ্য দিয়ে এই সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত হয়। ভৌগোলিক নৈকট্য, ঐতিহাসিক বাণিজ্য, সাংস্কৃতিক সখ্যতা এবং কুয়েতে বসবাসরত ভারতীয়রা দুই দেশের এই দীর্ঘস্থায়ী বহুমুখী সম্পর্ককে উত্তরোত্তর সমৃদ্ধ করছে বলেও মন্ত্রণালয় উল্লেখ করে।

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত-কুয়েত