logo

এবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আই২৪নিউজ
আই২৪নিউজ
টাইমস অব ইসরায়েল
এবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি: এক্স

স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে এবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ জন্য নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

মঙ্গলবার (৬ অক্টোবর) একটি সরকারি সভায় ভাষণ দেওয়ার সময় তিনি এ নির্দেশ দেন।

ইসরায়েল কাটজ বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী বা তাদের সহযোগী তানজিম গোষ্ঠীগুলো ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের ওপর হামলা চালালে তাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করবে ইসরায়েল। একই সঙ্গে ৭ অক্টোবরের গণহত্যার তৃতীয় বার্ষিকীর আগে গাজায় সামরিক প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

পশ্চিম তীর নিয়ে আইডিএফের জন্য নির্ধারিত ‘নির্দেশক পরিস্থিতিতে’ বলা হয়েছে, ৭ অক্টোবরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বসতি স্থাপনকারী ও আইডিএফের সেনাদের ওপর জিহাদি গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিতে হবে।

কাটজ বলেন, আইডিএফ ‘এমন একটি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী এবং এর সহযোগী তানজিম সংগঠন পশ্চিম তীর ও এর সীমান্তবর্তী এলাকায় বসতি স্থাপনকারী এবং আইডিএফের সেনাদের বিরুদ্ধে অস্ত্র তাক করবে।’

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আইডিএফের জন্য নির্ধারিত নীতিমালার ভিত্তিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আমার প্রণয়ন ও অনুমোদিত একটি বিস্তারিত পরিকল্পনা অনুযায়ী আইডিএফ একটি ব্যাপক আক্রমণ শুরু করবে।’

কাটজ বলেন, পশ্চিম তীরে পিএর বিরুদ্ধে এ ধরনের অভিযান ‘স্বল্পমেয়াদি ও জোরালো হবে’। এতে স্থল ও বিমান বাহিনী এবং বিশেষ সরঞ্জাম ব্যবহার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্মূল ও বহিষ্কার, অস্ত্র ধ্বংস এবং বাসিন্দাদের ব্যাপকভাবে সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে শহর ও সব শরণার্থীশিবিরের ভেতরে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হবে।

তিনি বলেন, ‘গাজা ও লেবানন মডেল অনুযায়ী’ এসব পদক্ষেপের পাশাপাশি বাহিনী শক্তিশালী করা হবে এবং ইসরায়েলি জনবসতিগুলো সুরক্ষিত করা হবে।

তিনি আরও বলেন, ‘অতীতের মতো বছরের পর বছর ধরে চলা কোনো ইন্তিফাদা হবে না। বরং একটি সুস্পষ্ট সিদ্ধান্ত ও বাস্তবতার পরিবর্তনের মধ্য দিয়ে একটি সংক্ষিপ্ত ও জোরালো যুদ্ধ হবে।’

গত মাসে কাটজ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে হুমকি দিয়েছিলেন, হামাসের নেতৃত্বে ৭ অক্টোবরের হামলার মতো কোনো আক্রমণের প্রস্তুতি নেওয়া হলে তিনি তাদের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ শুরু করবেন।